5:00 pm , March 12, 2026
চরফ্যাশন প্রতিবেদক ॥
চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের খোদেজা বাগ এলাকার ৯নং ওয়ার্ডে নূর হোসেন ফরাজী নামে এক কৃষকের নিজ জমির ঘাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৫টি গরুর মৃত্যু হয়েছে। এসময় আরও ৩ টি গরু অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। কৃষক নূর হোসেন ফরাজীর ৮টি গৃহপালিত গরুর মধ্যে হঠাৎ কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হলে এরমধ্যে দুটি গরু জবাই করতে বাধ্য হন পরিবারের সদস্যরা। ঘটনার বিবরণে জানা যায়, গ্রামের কৃষি জমি থেকে ঘাস কেটে এনে গরুগুলোকে খাওয়ানো হয়েছিল। ঘাস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে এবং পাঁচটি গরু মারা যায়। ধারণা করা হচ্ছে, ওই ঘাসের সঙ্গে বিষাক্ত কোনো উপাদান মিশে ছিল।
খামারি নূর হোসেন ফরাজী জানান,কোরবানির ঈদ ও দুগ্ধ উৎপাদনের জন্য আমি নিজের সন্তানের মতো করে গরুগুলোকে লালন পালন করে বড় করছিলাম। কিন্তু খাস খাওয়ানোর কারনে যে এভাবে মৃত্যু হবে তা কখনোই ভাবিনি।
অসুস্থ গরুগুলোর চিকিৎসা করেছেন ভোলার প্রাক্তন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দাম হোসেন বাপ্পি। বর্তমানে বাকি তিনটি গরুর চিকিৎসা চলমান রয়েছে। এ ঘটনায় কৃষক পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সাদ্দাম হোসেন বাপ্পি বলেন, জমির কীটনাশকের বিষক্রিয়ার কারণে কিংবা বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। সেই নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে।
