3:27 pm , June 3, 2020
শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ মঠবাড়িয়ায় এসএসসি পাশ স্কুল ছাত্রী (১৬) কে অপহরণের এক মাস পর উদ্ধার করেছে পুলিশ। মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে মিজি পাড়া এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এসময় মূল অপহরণকারি রুবেল মাতুব্বর (২৫) কে গ্রেফতার করে। অপহরণকারি রুবেল মঠবাড়িয়া উপজেলার ছোটমাছুয়া গ্রামের মৃত সোহরাব মাতুব্বরের ছেলে। এ অপহরনের ঘটনায় এর আগে থানা পুলিশ রুবেলের বোন রেক্সনা ও ভগ্নিপতি বেল্লালকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, চলতি বছরে এসএসসি পরীক্ষা দেয়া ওই স্কুল ছাত্রী মঠবাড়িয়া পৌর শহরের একটি স্কুল আসা যাওয়ার পথে রুবেল উত্যক্ত করে আসছিল। তার ধারাবাহিকতায় গত ৮ মে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীকে পৌরশহরের কল্লাকাটা ব্রীজ সংলগ্ন সড়ক থেকে কৌশলে অপহরণকারি রুবেল তার সহযোগিদের সহায়তায় অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা পৌর শহরের ২ নং ওয়ার্ডের বাসিন্দা পরের দিন মঠবাড়িয়া থানায় রুবেলকে প্রধান করে ৬ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারীকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই শহিদুল ইসলাম জানান, টেকনলজি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্কুল ছাত্রীকে উদ্ধার ও মূল আসামীকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এর আগে এ মামলার দুই আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মাসুদুজ্জামান জানান, অপহৃত স্কুল ছাত্রীকে আজ বুধবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে।
