নেগাবান মন্টুর দাফন সম্পন্ন নেগাবান মন্টুর দাফন সম্পন্ন - ajkerparibartan.com
নেগাবান মন্টুর দাফন সম্পন্ন

4:56 pm , May 9, 2026

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও এমপি সরোয়ারসহ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।পায়ের হিপ জয়েন্ট ভেঙে গত প্রায় ৭ মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। মার্চের শেষভাগে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করার পর গত ২৫ এপ্রিল পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিন্তু এর পরেও উচ্চ রক্তচাপ, সোডিয়াম ঘাটতি সমস্যা ও অক্সিজেন ঘাটতিজনিত কারণে নানা উপসর্গে ভুগছিলেন তিনি। শুক্রবার বিকেলে তাকে দ্বিতীয় দফায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা শুরু করা হলে সেখানে তার পরিস্থিতির আরও অবনতি ঘটে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে গতকাল শনিবার সকাল সোয়া ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে মরহুম ইসমাইল হোসেন নেগাবান স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে লাশবাহী এ্যাম্বুলেন্স যোগে তাঁর মরদেহ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। সন্ধ্যা নাগাদ তার মরদেহ প্রথমে বরিশাল প্রেসক্লাবে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় মরহুমের নিথর দেহ দেখে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। পরে বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ ছাড়াও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পরিবার ও টিআইবি’র পক্ষ থেকে মরহুমের কফিনে পুর্ষ্পাঘ অর্পনের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। এসময় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কাজী মিরাজ মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, কাজী মকবুল হোসেন, নাসিম উল আলম, মুরাদ আহমেদ, জাকির হোসেন, হুমায়ন কবির, গোপাল সরকার, সৈয়দ দুলাল, সাইয়েদ কাজল, কমল সেন গুপ্ত, দেবাশীষ চক্রবর্তীসহ ক্লাবের অন্যান্য সদস্য ছাড়াও বরিশালের শিক্ষক নেতৃবৃন্দ, আইনজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুম নেগাবান মন্টুর মরদেহ বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিআরইউ এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিআরইউ এর সভাপতি আনিছুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সুশান্ত ঘোষ সহ সিনিয়র সাংবাদিকরা। এরপর তার মরদেহ নেয়া হয় নগরীর আমানতগঞ্জস্থ বাসভবনে। সেখান থেকে রাত ৯টায় মরহুমের নামাজে জানাযা বরিশাল আমানতগঞ্জ টিবি ক্লিনিক মাঠে জানাজে নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়েদুল হক চান, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আলী হায়দার বাবুল, মীর জাহিদুল কবির জাহিদ, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, আসাদুজ্জামান খসরু, সৈয়দ আনিছুর রহমান, এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. আবুল আজাদ ইমন, নাজিম উদ্দিন আলম পান্না, লস্কর নুরুল হক, রফিকুল ইসলাম খোকন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসসলমানরা অংশগ্রহন করেন। জানাযা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। এদিকে সাবেক সভাপতি ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ছাড়াও আগামী শনিবার সকাল ১১ টায় দোয়া-মোনাজাত ও স্মরণ সভার কর্মসূচি ঘোষনা করেছেন।প্রবীণ সাংবাদিক নেগাবান মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। এছাড়া বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জেম হোসাইন হেলাল, বরিশাল চেম্বারের সভাপতি এবাদুল হক চান, বরিশাল আঞ্চলিক পত্রিকার প্রকাশক-সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ ও সাধারণ সম্পাদক লোকমান হোসাইন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান খসরু, সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হীরাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ নেগাবান মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার জীবদ্দশায় নিজ চোখে দেখা একজন প্রকৃত, পরিক্ষিত ও প্রমানিত একজন সৎ ও সাহসী মানুষকে হারালাম। তাঁর মতো মানুষ আর পাবো কিনা জানিনা। আমি তারঁ বিদেহী আত্মার শান্তি কামনা করি। বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা নির্লোভ এবং বলিষ্ঠ নেতৃত্বের একজন গুনী মানুষকে হারালাম। সরকারি একজন কৌশলী কিংবা একজন সাংবাদিক নেতা হয়েও তিনি কখনো কোনো প্রভাব বিস্তার করেননি। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়ে গেলো তা কখনো পূরণ হবার নয়।উল্লেখ্য, অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু দীর্ঘদিন ডেইলি বাংলাদেশ অবজারভার পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বরিশাল আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে মুসলিম গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT