4:13 pm , May 9, 2026
পিরোজপুর প্রতিবেদক ॥
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে বাজারের মুদি, মনোহরি, ফার্মেসি ও ডেকোরেটরসহ ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাজারের একটি চায়ের দোকানে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় এরইমধ্যে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর খুব অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে। দোকানে থাকা মালামাল বের করার সুযোগ পাননি তারা। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনাজ পারভীন সোনিয়া বলেন, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বাজারের অধিকাংশ দোকানঘর পুড়ে গেছে এবং ব্যবসায়ীদের সব মালামাল ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
