বরিশালে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হিফজ প্রশিক্ষণ বরিশালে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হিফজ প্রশিক্ষণ - ajkerparibartan.com
বরিশালে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হিফজ প্রশিক্ষণ

4:11 pm , May 9, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র কোরআনের হাফেজ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, তিলাওয়াতের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে বরিশালে দিনব্যাপী “হিফজ ছাত্র প্রশিক্ষণ-২০২৬” শুরু হচ্ছে। বরিশাল হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে আগামী ১৩ মে বুধবার সকাল ৮টায় নগরীর আমতলা মোড়ে মডেল মসজিদে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের বিভিন্ন মাদরাসা ও হিফজখানা থেকে বিপুল সংখ্যক হাফেজ শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবে। প্রশিক্ষণে কোরআন হিফজের আধুনিক পদ্ধতি, শুদ্ধ তিলাওয়াত, মাখরাজ, কণ্ঠস্বরের ব্যবহার, আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন একাধিকবার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলহাজ হাফেজ কারী নাজমুল হাসান (দা.বা.)। যিনি বর্তমানে বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশেষ প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত (সৌদি আরব) হাফেজ কারী জাকির হোসাইন আজমী এবং একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারী শহিদুল ইসলাম। আয়োজকরা জানান, প্রশিক্ষণটি শুধু কোরআন মুখস্থ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের ক্বারী ও হাফেজ হিসেবে গড়ে তুলতে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চর্চার ওপরও গুরুত্বারোপ করা হবে। অনুষ্ঠানটির নিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন সভাপতি হাফেজ মাওলানা মুহিববুল্লাহ গাজী এবং সেক্রেটারি হাফেজ মাওলানা নিয়াজ মাহদুম। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আয়োজকদের মনে করেন, এ ধরনের উদ্যোগ বরিশাল অঞ্চলে দক্ষ, আদর্শবান ও আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কোরআন শিক্ষার প্রসারেও নতুন দিগন্ত উন্মোচন হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT