4:11 pm , April 18, 2026
এনএসআই’র তথ্যের ভিত্তিতে
গৌরনদী প্রতিবেদক ॥
অবৈধভাবে মজুদের জন্য নেয়ার সময় শনিবার বিকেলে পিকআপ ভর্তি পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গোডাউনে পিকআপ থেকে অবৈধ মজুদের জন্য নামানোর সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। যারমধ্যে রয়েছে, ২৪শ’ লিটার ডিজেল, ৬শ’ লিটার অকটেন ও ২শ’ লিটার পেট্রোল। একই পিকআপ থেকে নামানো পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের এসকান্দার চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকে ১০ ব্যারেল ভর্তি জ্বালানি তেল জব্দ করেছেন এনএসআই’র সদস্যরা। সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআইর সদস্যরা ওই পিকআপের পিছু নিয়ে তা জব্দ করেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
