4:36 pm , April 16, 2026
বিশেষ প্রতিবেদক ॥
বরিশালে হাম সন্দেহে সরকারি হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১৫ জনে উন্নীত হওয়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যা দেড় হাজার অতিক্রম করেছে। এরমধ্যে সরকারি হাসপাতালে হাম সন্দেহে ইতোমধ্যে ১,৩৩১ শিশুকে ভর্তি করা হয়েছে।
তবে চলতি মাসের প্রথম ১৫ দিনেই হাম সন্দেহে সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী শিশুর সংখ্যা ১ হাজার ৩ জনের পাশাপাশি এসময়ে ভর্তিকৃত রোগীর সংখ্যা প্রায় ৯শতে পৌছেছে। পাশাপাশি গত ১৫ দিনে বরিশালের সরকারি হাসপাতালে হাম সন্দেহে মৃত্যুবরনকারী শিশুর সংখ্যা ১০জনে উন্নীত হয়েছে। যারমধ্যে নিশ্চিত হামে মৃত্যুবরনকারীর সংখ্যা ৪ জন।
এদিকে হামের ভয়াবহ বিস্তার রোধে সারাদেশের মধ্যে জনসংখ্যা অনুপাতে বরিশাল বিভাগের ৩টি জেলার ৪টি উপজেলার সোয়া লক্ষাধিক শিশুকে হামের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ৫ এপ্রিল থেকে বিভাগের বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ এবং বরগুনা পৌরসভা সহ সদর ও নলছিটি উপজেলায় এ বিশেষ টিকাদান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
পাশাপাশি গত ১২ এপ্রিল থেকে দেশের ঝুঁকিপূর্ণ ৪ সিটি করপোরেশন এলাকায় হামের বিশেষ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৪২ হাজার শিশুকেও টিকা প্রদান শুরু হয়েছে। ১১ কর্মদিবসে নগরীর ঝুঁকিপূর্ণ এলাকার এসব শিশুকে টিকা প্রদান কার্যক্রমে আনা হবে বলে জানিয়েছেন নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কষ্ণ মন্ডল জানিয়েছেন আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশেই হামের টিকা প্রদানে বিশেষ কার্যক্রম শুরু হবে।
