4:36 pm , April 16, 2026
রুপা খানম, গৌরনদী প্রতিবেদক ॥
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সাংবাদিক জহিরের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে। এ সময় তিনি নিজেকে প্রথম আলো-এর সম্পাদকসহ বিভিন্ন পরিচয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে জহির সুনির্দিষ্ট পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বিষয়টি গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলকে অবহিত করেন। প্রাথমিকভাবে নম্বরটি ট্রুকলার অ্যাপে যাচাই করলে ‘এসআই মেহেদী হাসান’ নামে পরিচিতি পাওয়া যায়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ একটি জিডি গ্রহণ করে এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে।
তদন্ত কর্মকর্তা এসআই মো. সাইফুল ইসলাম জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকিদাতাকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, এই মুহূর্তে আমার কোনো শত্রু আছে বলে মনে করি না। কে বা কারা, কী কারণে আমাকে এমন হুমকি দিল, তা বোধগম্য নয়।
উল্লেখ্য, আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জহিরের নাম আলোচনায় রয়েছে। ফলে এই হুমকির ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, জহির দীর্ঘদিন ধরে এলাকায় সাংবাদিকতা ও উন্নয়ন কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা, হুমকি বা ভয়ভীতি প্রদর্শন শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক এ ধরনের হুমকির শিকার না হন, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।
