4:41 pm , April 16, 2026
এনএসআই এর তথ্যে ভিত্তিতে
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরীর বাজার রোড এলাকায় ভোজ্য তেল অবৈধভাবে মজুদের অভিযোগে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন তথ্যের ভিত্তিতে জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাজার রোড এলাকায় “মেসার্স মোল্লা ব্রাদার্স” নামক প্রতিষ্ঠানের মালিক শুক্কুর মোল্লাকে মজুদের লাইসেন্স ছাড়া নিজ গুদামে অবৈধভাবে ৯০ ব্যারেল ভোজ্য তেল সংরক্ষণের দায়ে কৃষি বিপণন আইন, ২০০৮ অনুযায়ী ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকায় “মেসার্স আবির ব্রাদার্স” নামক প্রতিষ্ঠানের মালিক সন্তোষ মিত্রকে খুচরা ব্যবসার লাইসেন্স থাকা সত্ত্বেও নিজ বাসার গুদামে অবৈধভাবে ৫০ ব্যারেল ভোজ্য তেল ও ১৩.৭৫ টন চিনি মজুদের অপরাধে একই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, এনএসআই’র গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোতে গোপনে নজরদারি চালিয়ে আসছিলেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এসময় জেলা এনএসআই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
