বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে-শিরিন বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে-শিরিন - ajkerparibartan.com
বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে-শিরিন

4:34 pm , April 16, 2026

বিশেষ প্রতিবেদক ॥
‘মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন  ও আন্তর্জাতিক সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় বিসিসি প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা অন্যতম প্রধান অগ্রাধিকার। নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ‘ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ বিষয়ক এই সভায় প্রশাসক আরো বলেন,  সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নগরীর বর্জ্য সমস্যা সমাধানের পাশাপাশি সম্ভাবনাময় সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে । আমরা খুব দ্রুত এ লক্ষ্যে বাস্তবমুখী কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করছি। এছাড়া পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা ও খোলা স্থানে ময়লা ফেলা বন্ধ করার পাশাপাশি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের বিষয়েও নানা ধরণের প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি।
সভায় বরিশাল নগরীর ক্রমবর্ধমান বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়ে প্রেজেন্টেশন দেয়া হয়। এছাড়া উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ, পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তরের সম্ভাবনার ওপরও গুরুত্বারোপ করেন অংশগ্রহনকারীরা। জৈব বর্জ্য থেকে সার উৎপাদন এবং প্লাস্টিক বর্জ্য পুন:ব্যবহার বা জ্বালানিতে রূপান্তরের বিষয়েও আলোচনা করেন বক্তারা।সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বরিশাল নগরীর পরিবেশগত উন্নয়ন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে এ সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার সহ ঝালকাঠি পৌরসভার প্রশাসক, বিসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT