4:34 pm , April 16, 2026
গৌতম কুমার, নেছারাবাদ প্রতিবেদক ॥
নেছারাবাদ উপজেলায় এক দিনমজুর নবদম্পতির ঘরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। আনন্দ আর উদ্বেগে ভরা এ মুহূর্তে পরিবারটির পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর। বৃহস্পতিবার দুপুরে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সাবেক জেলা ছাত্রদল নেতা মো. জসিম বাহাদুর নবদম্পতি শরিফুল ইসলাম উজ্জ্বল ও নুসরাত জাহানের বাসায় গিয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এ সময় নবজাতকদের সুস্বাস্থ্য কামনা করে তাদের হাতে প্রতিমন্ত্রীর পাঠানো নগদ অর্থ ও পোশাক তুলে দেওয়া হয়। আহমদ সোহেল মনজুর পিরোজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। তার এই সহায়তায় খুশি হয়েছেন নবজাতকদের পরিবার ও স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার বালিহারী গ্রামের দিনমজুর বিদ্যুৎ মিস্ত্রি মো. শরিফুল ইসলাম উজ্জ্বল এর স্ত্রী নুসরাত জাহান গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার একটি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসাথে তিনটি কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের সময় নবজাতক তিনটি স্বাভাবিক থাকলেও খুশির মাঝে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারটি
নবজাতকদের পিতা শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, “আমি একজন বিদ্যুৎ মিস্ত্রি। বিয়ের পর এটাই আমাদের প্রথম সন্তান। আল্লাহ একসঙ্গে তিনটি কন্যা সন্তান দিয়েছেন। এতে আমরা খুবই আনন্দিত, তবে খরচের বিষয়টি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম।
মা নুসরাত জাহান বলেন, “অভাবের সংসারে একসঙ্গে তিনটি সন্তান পাওয়া যেমন আনন্দের, তেমনি দায়িত্বও বেড়েছে। এই সময়ে এমপি সাহেবে আহম্মদ সোহেল মনজুর এর পাওয়া সহায়তা আমাদের কাছে আল্লাহর রহমতের মতো।”
প্রতিবেশী আম্বিয়া বেগম বলেন, “উজ্জ্বল গরিব মানুষ। তার ঘরে একসঙ্গে তিনটি মেয়ে হওয়ায় আমরা খুশি। এমপি সাহেবের এই সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।”
নবজাতকদের নানা দুলাল মিয়া বলেন, “গরিবের পাশে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন।”
