4:46 pm , February 25, 2026
ভোলা প্রতিবেদক ॥
ভোলার কিচেন মার্কেটে মা ও ছেলেকে মারধর ও হেনস্থার অভিযোগে অভিযুক্ত গরুর মাংস বিক্রেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা।
বুধবার সকালে ভোলা প্রেসক্লাব এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হ। জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে মা ও ছেলে কিচেন মার্কেটে গরুর মাংস কিনতে লোকমান কশাইয়ের দোকানে যান। এ সময় মাংসে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়ার অভিযোগে ক্রেতারা প্রতিবাদ করলে কথা-কাটাকাটির এক পর্যায়ে লোকমান, তার ছেলে মো. সাইফুল ও জসিমসহ কয়েকজন মিলে মা ও ছেলের উপর হামলা চালায়।
পরে মার্কেটে উপস্থিত অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত লোকমান কশাই পূর্বেও বিভিন্ন সময়ে ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং মার্কেটের সুনাম ক্ষুন্ন করেছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে এ ঘটনায় ভোলা শহরজুড়ে নিন্দার ঝড় উঠলেও নীরব প্রশাসন। বক্তারা বলেন-ভোলা শহরের মতো একটি জায়গায় আজকের মা ও ছেলেকে একসাথে কিচেন মার্কেটে যেভাবে বর্বরোচিত হামলা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা নেই। কিচেন মার্কেট, কাঁচা বাজার, চকবাজার এসব এলাকায় নারীরা অনিরাপদ। এখানে কিছু ব্যবসায়ী রয়েছে যারা সিন্ডিকেট করে সাধারণ মানুষের উপর ঝাপিয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক নেতাদের মদদে এরা বেপরোয়া হয়ে উঠেছে।
