জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন কারাগারে জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন কারাগারে - ajkerparibartan.com
জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন কারাগারে

4:41 pm , February 25, 2026

মো: জিয়াউদ্দিন বাবু ॥
বরিশালের আদালতের কক্ষে ভাঙচুর এবং সরকারি কাজে বাধা প্রদান করায় আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান লিংকনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুর ১২ টায় আইনজীবী সমিতি ভবন থেকে আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান লিংকন কে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার আদালতে আইনজীবীদের হট্টগোলের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকন সহ ১২ জনের বিরুদ্ধে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় লিংকনকে প্রধান আসামী করা হয়। গ্রেপ্তারের পর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানের জামিনের জন্য আইনজীবীরা আবেদন করলে মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল  জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। আগামী ৫ই ফেব্রুয়ারি বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেলের আদালতে জামিন শুনানী হবে বলে বরিশাল সদর থানার জিআরও ভারপ্রাপ্ত হুমায়ুন কবির জানিয়েছেন।
মামলার অন্যসব আসামিরা হলেন : বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, জেলার পিপি আবুল কালাম আজাদ, মহানগর পিপি নাজিম উদ্দীন আহমেদ পান্না, মহসিন মন্টু, মিজানুর রহমান, আব্দুল মালেক, সাঈদ, হাফিজ আহমেদ বাবলু, তারেক আল ইমরান, আবুল কালাম আজাদ ইমন, বশির উদ্দিন সবুজ।
আসামী পক্ষের আইনজীবী মো: মোখলেছুর রহমান বাচ্চু জানান, আদালতে মঙ্গলবার একটি অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে বেঞ্চ সহকারী বাদী হয়ে ১২ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা জামিনের জন্য আবেদন করেছিলাম। কিস্তু আদালত তা না-মঞ্জুর করেছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা জানান, আদালতে ভাংচুরের ঘটনায় একটি মামলায় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় আরো ১২ জনকে আসামী করা হয়েছে। সকল আসামীদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের পর পরই আদালত প্রাঙ্গনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এসময় গ্রপ্তারের প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করে। তারা জানিয়েছে-আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে মুক্তি না দিলে বরিশালের সকল আদালত কার্যক্রম বর্জন করবেন তারা।
এর আগে মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুসের জামিন দেওয়ার ঘটনায় আদালত বর্জন করে বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় আদালতের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে দুপুরে আদালতের কার্যক্রম শুরু হলে এজলাসে আইনজীবীদের হট্টগোলের ঘটনা ঘটে। এসময় আদালত কক্ষের বেঞ্চ ফেলে দেওয়া হয়।
বুধবার সকাল থেকে আদালত প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর পাশাপাশি ডিবি, র‌্যাব, সেনাবাহিনী মোতায়েন করা হয়। বেলা ১২টার দিকে বরিশার জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT