3:30 pm , February 15, 2026
ঝালকাঠি প্রতিবেদক ॥ কাঠালিয়া উপজেলায় অবাধ্য ও নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে উপজেলার সোনাউটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাউটা গ্রামের বাসিন্দা বারেক খানের পুত্র মেহেদী হাসান শুভ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে নির্যাতন করতেন এবং এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করতেন।
ঘটনার দিন সকালে মেহেদী হাসান শুভ তার পিতা বারেক খানের কাছে তিন লাখ টাকা দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে বাজার থেকে আনা ধারালো দা দিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জেরে শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ছেলেকে জবাই করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন পিতা বারেক খান। পরে তিনি নিজেই থানায় ফোন করে ঘটনাটি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বারেক খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
