3:48 pm , February 14, 2026
বিশেষ প্রতিবেদক ॥
বরিশালের ৬টি সংসদীয় আসনে বৃহস্পতিবারের গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ৮ লাখ ৪ হাজার ৪৩৩ ভোটের বিপরিতে ‘না’ এর পক্ষে ৩ লাখ ৭১,১৮৯ ভোট পড়েছে। যা হ্যাঁ ভোটের প্রায় ৪৬ ভাগ। বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন শুক্রবার রাতে সরকারিভাবে এ তথ্য প্রকাশ করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহল ‘না’ এর পক্ষে বিপুল সংখ্যক ভোটে বিষ্ময় প্রকাশ করলেও বিষয়টি নিয়ে নতুন করে হিসেব-নিকেশ শুরু হয়েছে। বরিশালের মত সমগ্র দক্ষিণাঞ্চলেই ‘না’ এর পক্ষে বিপুল সংখ্যক ভোটকে ‘চিহিৃত পতিত শক্তির নিরব ‘ভোট বিপ্লব’ বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এমনকি এ পতিত শক্তি কৌশলগত কারণে ভোটকে বাঁধাগ্রস্ত করার পথ থেকে সরে এসে ‘না’ এর পক্ষে ভোট দেয়া সহ জাতীয়তাবাদী শক্তির প্রতিপক্ষকে ভোট দিয়ে অঘটন ঘটানোরও অপচেষ্টা করেছে বলে মনে করছে মহলটি।
বরিশাল জেলার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ ভোটারের ৫৬.৬৭ ভাগ এবারের জাতীয় নির্বাচন ও গণভোটে অংশ নেয়। এরমধ্যে হ্যা এর পক্ষে সবচেয়ে বেশী ভোট পড়েছে বরিশাল-৫ আসনে। এখানে ১,৭৬,৬৬৮ ভোটার ‘হ্যা ভোট প্রদান করলেও ‘না’ এর পক্ষে ভোট দেন ৬৯,৩৯৪ জন। তবে ‘না’ এর পক্ষে সর্বাধিক ভোট দিয়েছেন উজিরপুর ও বানরীপাড়া নিয়ে গঠিত বরিশাল-২ আসনে। এখানে না’ এর পক্ষে ৮০,৯৬৬ ভোটার ভোট প্রদান করেছেন। তবে এ আসনে হ্যা ভোট দিয়েছেন ১,৩৪,২৭৮ জন।
অপরদিকে ‘হ্যা’ এর পক্ষে সর্বনি¤œ ভোটদান করেছেন গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনের ভোটাররা। এ আসনের ১,১২,২০৮ জন ভোটার হ্যা এর পক্ষে ভোট দিলেও ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৭৩,৯৮২ জন। তবে ‘না’ এর পক্ষে সর্বনি¤œ সংখ্যক ভোট দিয়েছেন বাবুগঞ্জ-মুলাদী নিয়ে গঠিত বরিশাল-৩ আসনের ভোটাররা। এ আসনে ৪০,৬৩৬ ভোটার ‘না’ এর পক্ষে ভোট দিলেও হ্যা এর পক্ষে ভোট দিয়েছেন ১,২২,৩০৫ জন।
নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হলেও মাঠ পর্যায়ে প্রার্থীদের তরফ থেকে সে সম্পর্কে ভোটারদের মাঝে সঠিক বার্তা পৌছে দেয়ার ক্ষেত্রে তেমন কোন আগ্রহ লক্ষ্য করা যায়নি। কোন দলীয় নেতাকর্মীদের তরফ থেকেও গণভোট নিয়ে ভোটারদের কাছে কোন বার্তা যায়নি। এমনকি হ্যা ও না’ এর পার্থক্য এবং এতে দেশ ও জাতির কি সুবিধা-অসুবিধা সে বিষয়টিও কেউ ভোটারদের অবহিত করেননি।
পাশাপাশি গণভোটে ‘হ্যা ও ‘না এর পক্ষে সিল দেয়ার স্থানটি নিয়েও ভোটারদের মাঝে কিছুটা বিভ্রান্তি লক্ষ্য করা গেছে। যে বিষয়টি ভোটের আগে খুব ভালভাবে অবহিত ও প্রদর্শন করা হয়নি বলেও বুথ ফেরত অনেক ভোটার অভিযোগ করেছেন। এমনকি বিষয়টি সম্পর্কে ভোট কেন্দ্রের আশেপাশে তেমন কোন প্রদর্শনী ও প্রচারনা ছিলনা। ফলে এবারের গণভোটে বরিশালে প্রদত্ত ১১,৭৫,৬২২ ভোটের মধ্যে ১,০৫,২৪২ ভোটই বাতিল হয়ে যায়। যা প্রদত্ত ভোটের প্রায় ১০ ভাগের কাছে।
অপরদিকে নিরবে ‘না’ এর পক্ষে প্রচারনা চালান হলেও তা প্রতিরোধ ও সে রহস্য উদঘাটনেও কারো আগ্রহ লক্ষ্যণীয় ছিলনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির ঘাটি হিসেবে পরিচিত বরিশাল-৫ আসনে যেভাবে অতীতে বারবার জামানত হারান একটি দলের প্রার্থীকে পতিত গোষ্ঠী নিরবে বিপুল ভোটে এগিয়ে নিয়েছে, তারাই নানা অপতথ্য দিয়ে ‘না’ এর পক্ষে প্রচারনা চালিয়েছে। ফলে এ আসনটি সহ দক্ষিণাঞ্চলের সর্বত্রই বিপুল সংখ্যক ‘না’ ভোট সবার মনে নানা প্রশ্ন জন্ম দিতে শুরু করেছে।
বরিশাল-৫ আসনে ১,৭৬,৬৬৮ জন ভোটার ‘হ্যা এর পক্ষে ভোট দিলেও ৬৯,৩৯৪ জন ‘না’ ভোট দিয়েছেন। এ আসনে বিএনপির প্রতিপক্ষ ইসলামী আন্দোলনের প্রার্থী এবার ৯৫,০৪৪ ভোট পেয়েছেন। যা রাজনৈতিক পর্যবেক্ষক মহলেও বিষ্ময় সৃষ্টি করেছে।
