সর্বোচ্চ ভোট সান্টুর দ্বিতীয় সরোয়ার সর্বোচ্চ ভোট সান্টুর দ্বিতীয় সরোয়ার - ajkerparibartan.com
সর্বোচ্চ ভোট সান্টুর দ্বিতীয় সরোয়ার

4:01 pm , February 13, 2026

বরিশাল জেলার ৬ আসনের নির্বাচনী পোস্ট মর্টেম

হেলাল উদ্দিন ॥
অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্খিত ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অনেকটা প্রত্যাশিত ভাবেই এই নির্বাচনে সারা দেশে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বরিশালেও এর ব্যতিক্রম ঘটেনি। বরিশাল জেলায় ৬ টি আসনে সব কটিতেই বিএনপির প্রার্থীরা অনেকটা হেসে খেলে বিজয়ী হয়েছেন।
এই ৬ টি আসনে বিএনপির প্রার্থীদের মধ্যে সব চেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বরিশাল ২ আসনের প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। উজিরপুর বানারীপাড়া থেকে নির্বাচিত এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রার্থী আবদুল মান্নান দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট। এই আসনে হাতপাখার প্রার্থী নেছার উদ্দিন পেয়েছেন মাত্র ৬ হাজার ২১ ভোট। এই আসনে কাস্টিং ভোটের হার ৫৯ দশমিক ৮২ ভাগ।
বরিশাল জেলার ৬ টি আসনের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে হেভিওয়েটের দিক থেকে নাম্বার অন ছিলেন এ্যাড. জয়নাল আবেদীন ( বরিশাল ৩ আসন) । কিন্তু অনেকটা অবাক করে জেলার ৬ জন বিএনপির প্রার্থীর মধ্যে তিনি সব চেয়ে কম ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৮০ হাজার ৯৩০। তার নিকটতম প্রার্থী এবি পার্টির মো. আসাদুজ্জামান ভুইয়া (ফুয়াদ) ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট, হাতপাখার মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৩২৫ ভোট এবং লাঙল প্রতীক পেয়ে কারাগারে থাকা গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট। এই আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৩২ হাজার ৯৭ জন। কাস্টিং ভোটের হার ৫৩ দশমিক ৫১ ভাগ।
জেলার ৬ আসনের মধ্যে সব চেয়ে বেশী ভোট কাস্টিং হয়েছে বরিশাল ১ আসনে। আগৈলঝাড়া গৌরনদী উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোট কাস্টিং হয়েছে ৬২ দশমিক ১১ ভাগ। এই আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে প্রতিযোগীতা হয়েছে স্বতন্ত্র ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সাথে। ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবাহান পেয়েছেন ৪৪ হাজার ১৮৮ ভোট এবং দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। হাত পাখার প্রতীকের প্রার্থী রাসেল সরদার পেয়েছেন মাত্র ৬ হাজার ৮৪৬ ভোট। জেলার ৬ টি আসনের মধ্যে বিএনপির চিন্তার আসন ছিলো বরিশাল ৪ আসন। কিন্তু অনেকটা চমক দেখিয়ে দাড়িপাল্লার প্রার্থীকে ৫৩ হাজারেরও বেশী ভোটে পরাজিত করে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়ে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী রাজিব আহসান। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩২২ এবং দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুল জব্বার পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট। এখানে হাতপাখার প্রার্থী সৈয়দ এছাহাক পেয়েছেন ৩৬ হাজার ৭৫৩ ভোট। হিজলা-মেহেন্দীগঞ্জ নিয়ে গঠিত এই আসনে কাস্টিং ভোটের হার ৫৮ দশমিক ৬ ভাগ।জেলার মধ্যে সব চেয়ে মর্যাদার আসন বরিশাল সদর (৫) আসনে সব চেয়ে কম ভোট পড়েছে। এখানে কাস্টিং ভোটের হার ৫২ দশমিক ৩৬ ভাগ। এই আসনে স্বভাব সুলভ ভাবে জয়ের ধারা অব্যাহত রেখে পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এ্যাড.মজিবর রহমান সরোয়ার। জেলার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। তার মোট ভোটের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৪৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট। এই আসনে মই প্রতীক নিয়ে বাসদের প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী পেয়েছেন ২২ হাজার ৪৮৬ ভোট। এই আসনে ৮ হাজার ৯১ ভোট কাস্টিং ভোট নষ্ট হয়েছে।
বিএনপি ও দাড়িপাল্লার প্রার্থীর মধ্যে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা হয়েছে বরিশাল ৬ আসনে। এই আসনে ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাড়িপাল্লার মাহমুদন্নবী পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট। ২৯ হাজার ১৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন হাতপাখা প্রর্তীকের প্রার্থী মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম। এই আসনে ভোট পড়েছে ৫৪ দশমিক ২৩ ভাগ।
প্রসঙ্গত বরিশাল বিভাগে মোট ২১ আসনের মধ্যে ১৬ আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া ২ টি আসন পেয়েছে দলটির জোট বা শরীক প্রার্থীরা। এছাড়া জামায়াত ২ টি ও ১ টি আসন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT