গ্রাম্য সাংস্কৃতিক শিল্পীদের নিয়ে প্রচারণায় রহমাতুল্লাহ গ্রাম্য সাংস্কৃতিক শিল্পীদের নিয়ে প্রচারণায় রহমাতুল্লাহ - ajkerparibartan.com
গ্রাম্য সাংস্কৃতিক শিল্পীদের নিয়ে প্রচারণায় রহমাতুল্লাহ

4:03 pm , February 5, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
দেশীয় শিল্প-সংস্কৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বৃহস্পতিবার নগরীর নাজিরের পুল এলাকায় সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের উদ্যোগে আয়োজিত প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রচারণায় অংশ নিয়ে রহমাতুল্লাহ বলেন, দেশের ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতি একটি মহলের অপচেষ্টায় ধ্বংসের মুখে পড়ছে। গ্রামবাংলার লোকজ সংস্কৃতি, পালাগান, বাউল, জারি-সারি, ভাটিয়ালি, লাঠিখেলা ও বিভিন্ন গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্য আজ অবহেলিত। এসব ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে দেশীয় সংস্কৃতির পৃষ্ঠপোষক শক্তিকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সমাজের বিবেক। তাদের যথাযথ সম্মান ও নিরাপদ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করা না গেলে জাতির আত্মপরিচয়ই সংকটে পড়বে। তাই শিল্পী-সংস্কৃতিকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রচারণায় বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন খান, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলমসহ প্রায় ৪০-৫০ জন শিল্পী অংশ নেন। এ সময় তারা দলীয় প্রার্থীর পক্ষে বিভিন্ন সড়ক ও এলাকায় গণসংযোগ করেন, পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দেশীয় সংস্কৃতি রক্ষার পক্ষে সচেতনতামূলক স্লোগান দেন।
উপস্থিত শিল্পীরা বলেন, দেশের গ্রামীণ শিল্প-সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে এ খাতে আরও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে শিল্পী-সংস্কৃতিকর্মীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT