বিএনপিকে নির্বাচিত করুন : ৫ বছর এমপিরা আপনাদের পা ধরে থাকবে বিএনপিকে নির্বাচিত করুন : ৫ বছর এমপিরা আপনাদের পা ধরে থাকবে - ajkerparibartan.com
বিএনপিকে নির্বাচিত করুন : ৫ বছর এমপিরা আপনাদের পা ধরে থাকবে

3:55 pm , February 4, 2026

বরিশাল বিভাগীয় জনসমাবেশে তারেক রহমান

হেলাল উদ্দিন ॥
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ, সেই বিশ্বাস থেকেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন-জনগন আপনাদের ১২ তারিখ পর্যন্ত দেখে রাখবে। আর আপনারা ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগনের পা ধরে থাকবেন। সম্প্রতি জামায়াতের এক নেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে তারেক রহমান বলেন-তাদের এক নেতা নেতাকর্মীদের বলেছেন ১২ তারিখ পর্যন্ত জনগনের পা ধরেন। আগামী ৫ বছর জনগন আপনাদের পা ধরে থাকবে। কিন্তু আমি বলি উল্টোটা। আমাদের নেতাকর্মীরা নির্বাচিত হবার পর ৫ বছর জনগনের পা ধরে থাকবে। তাদের সেবক হয়ে থাকবে। নির্বাচনের আগে যে দলের নেতারা এমন মন্তব্য করেন তারা কিভাবে জনগনের সেবা করবে। এরা তো এখনই জালেমের মত কথা বলছে।
বুধবার দুপুরে বরিশালের বেলসপার্ক ময়দানে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন-এই বরিশালে আমার বাবা ও মায়ের অনেক স্মৃতি রয়েছে। তাদের হাত ধরে বরিশালে অনেক উন্নয়ন হয়েছে। তারপরও কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। যেসব কাজে আমরা হাত দিতে চাই। জনগন সুযোগ দিলে নির্বাচনের পরপরই ১৩ তারিখ থেকে বরিশালে খাল খনন কাজ শুরু হবে। আমরা বরিশাল-ভোলা সেতুর কাজ সম্পন্ন করব,ভোলার গ্যাস বরিশালে আনব। এর বাইরেও বরিশাল ও ভোলায় শিল্প কারখানা গড়ে তোলা হবে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার মানের উন্নতি করা, ভোলায় একটি মেডিকেল কলেজ নির্মান করা হবে। কৃষি পন্যের নায্য দাম নিশ্চিত করার জন্য বরিশালের বিভিন্ন জেলায় কোল্ড স্টোরেজ নির্মান করা হবে। একই সাথে কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে।
জামায়াত প্রসঙ্গে তারেক রহমান বলেন-তারা একটি গুপ্ত সংগঠনে পরিনত হয়েছে। এই গুপ্ত সংগঠনের মাধ্যমে জনগণের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তারা। এছাড়া এই দলটি জালিমের দলেও আবির্ভাব হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৫/১৬ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নিশিরাতের ভোট এবং ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের রায়কে বারবার অবমূল্যায়ন করা হয়েছে। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই ব্যবস্থার পতন ঘটে এবং বাংলাদেশ আবার জনগণের হাতে ফিরে আসে।
বাংলাদেশে নারী-পুরুষ একসঙ্গে মাঠে কাজ করে। কৃষকের সঙ্গে কৃষাণীরাও মাঠে কাজ করে। শুধু মাঠেই নয়, সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে গার্মেন্টস খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নারীরা। যে রাজনৈতিক নেতৃত্ব দেশের মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে বাংলাদেশ কোনো অগ্রগতি বা মর্যাদাপূর্ণ রাজনীতি আশা করতে পারে না। ইসলামের ইতিহাসে নারীদের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, নারীদের পেছনে রেখে কোনোভাবেই দেশ এগোতে পারে না। সমাবেশের শেষভাগে তিনি বরিশাল বিভাগের ২১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং বলেন-আমি এদেরকে আপনাদের হাতে দিয়ে গেলাম। আপনারা এদেরকে ১২ তারিখ জয়যুক্ত করে আমাকে উপহার হিসাবে পাঠাবেন। এর আগে সকাল থেকে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড ও বরিশাল বিভাগের ৬ জেলার সকল উপজেলা থেকে শত শত মিছিল আসতে থাকে। তারেক রহমান দুপুর সাড়ে ১২টার  দিকে সমাবেশস্থলে এসে হাজির হন। তার আগেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিনত হয়।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব:) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম, সহ সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দীন স্বপন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এছাড়া বরিশাল বিভাগের সকল জেলার সভাপতি,২১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা সভায় বক্তব্য রাখেন। সমাবেশে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT