বাবুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গলাকাটা শহীদ প্যাদা’সহ আটক-৫ বাবুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গলাকাটা শহীদ প্যাদা’সহ আটক-৫ - ajkerparibartan.com
বাবুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গলাকাটা শহীদ প্যাদা’সহ আটক-৫

3:25 pm , February 4, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জ উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হকের নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন : বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামের মৃত কাদের প্যাদার ছেলে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে গলাকাটা প্যাদা (৪৯), মুলাদী উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আব্দুল লতিফ সিকদারের ছেলে মো. সিরাজুল ইসলাম (৬৩), বরিশাল সদর উপজেলার বটতলা বাজার এলাকার মৃত তারেক খানের ছেলে মামুন খান (৩৫), গৌরনদী উপজেলার মাহিলারা গ্রামের অনিল ব্যাপারীর ছেলে অসীম বেপারী (২৮) এবং বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. সুলাইমান।
অভিযানকালে শহীদ প্যাদার হেফাজত থেকে ৩২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, একটি অটোমেটিক চাকু, একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, পাঁচটি রামদা, তিনটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও মনিটর, বিপুল পরিমাণ নগদ অর্থ, একটি ইলেকট্রিক শক মেশিন, ৩৫ পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ, ১০টি মোবাইল ফোন, মাদক পরিমাপের দুটি যন্ত্র এবং তিনটি বিভিন্ন ব্যাংকের চেকবই জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, অভিযান শেষে বিকেল তিনটার দিকে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT