4:28 pm , February 2, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নগরীতে শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র নেতৃত্বে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি বরিশাল নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে শুরু হয়ে লঞ্চঘাট এলাকা ও সিটি করপোরেশনের সামনে দিয়ে অগ্রসর হয়ে সদর রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ নিজে।
র্যালি চলাকালে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি আস্থা প্রকাশ করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত ও একইসাথে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসা। তার নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বরিশালে তার আগমন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
