4:19 pm , February 2, 2026
বরিশাল প্রতিনিধি:
ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের সহযোগিতায় শিশু জন্মের পর প্রথম ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানোর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী।
বরিশাল জেলার সদর ও বাবুগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পটি মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য ও পুষ্টিব্যবস্থা আরও শক্তিশালী করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্প কর্মকর্তা মো. জাকারিয়া হাসানের সঞ্চালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মলয় কৃষ্ণ বড়াল। কর্মশালার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বরিশাল জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. সালাহ-আল-দিন নাসের।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুদরত-ই-খুদা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কামরুন নাহার কলি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা।
এছাড়াও কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
