4:15 pm , January 26, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় এক মাদক ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও এক মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করা হয়।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকশিরচর এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি দা, দুটি চাপাতি, তিনটি চাকু, একটি হ্যামার, একটি সিজার, একটি প্লাস, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোনসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী জুয়েল হাওলাদার কালা (৩২), তাঁর স্ত্রী রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী হোসেন ঢালী (৩৩) কে আটক করা হয়। আটক জুয়েল হাওলাদার বকশিরচর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে। অপরজন হাতিয়া এলাকার বাসিন্দা।
পরে আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।
