4:32 pm , January 20, 2026
এক সাথে কাজ করার ঘোষণা ছত্তার খানের
মুলাদী প্রতিবেদক ॥
মুলাদীতে দীর্ঘদিন পরে একমঞ্চে বসেছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও আব্দুস ছত্তার খান নিজেদের অনুসারী নেতাকর্মী নিয়ে একমঞ্চে সভা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা এক সঙ্গে কাজ করার ঘোষণা দেন। ২০০১ সালের পর এই প্রথম জয়নুল আবেদীন ও আব্দুস ছত্তার খান যৌথ সভা করেন। এর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন। নেতাকর্মীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, কেন্দ্রিয় সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছত্তার খান। এরমধ্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনোনয়ন পেলে আব্দুস ছত্তার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষতের পরে আব্দুস ছত্তার খান প্রার্থীতা প্রত্যাহার করে নেন। উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করেন আলহাজ্ব আব্দুস ছত্তার খান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ওই অনুষ্ঠানে যোগদেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এর ফলে নেতাকর্মীদের মধ্যে বিরোধীতার যে আশঙ্কা ছিলো তা দূর হয়েছে এবং ধানের শীষ প্রতীকের বিজয় হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছত্তার খান বলেন, যারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের রাজনীতি করেন তারা বিএনপির বিরোধীতা করতে পারে না। দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে নেতাকর্মীদের কাজ করতে হবে। তাই নেতাকর্মীরা সবাই একমঞ্চে একাত্মতা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবিদুর রহমান শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন মোল্লা প্রমুখ।
মুলাদী-বাবুগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলহাজ্ব জয়নুল আবেদীন বলেন, উপজেলা বিএনপির নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে আব্দুস ছত্তার খানের ডাকে ঐক্যবদ্ধ হয়েছেন। এই ঐক্য ধরে রেখে মুলাদী-বাবুগঞ্জকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে হবে।
