গ্যাসের সংকটে চরম দুর্ভোগ! গ্যাসের সংকটে চরম দুর্ভোগ! - ajkerparibartan.com
গ্যাসের সংকটে চরম দুর্ভোগ!

4:30 pm , January 14, 2026

বিশেষ প্রতিবেদক ॥
মাসখানেক ধরে সমগ্র দক্ষিণাঞ্চলজুড়ে এলপি গ্যাসের চরম সংকটের সাথে মূল্যবৃদ্ধিতে সাধারন মানুষের দুর্ভোগের শেষ নেই। সাধারন গৃহস্থের পাশাপাশি হোটেল রেস্টুরেন্টগুলোও গ্যাস সংকটে ব্যবসা টিকিয়ে রাখতে পারছে না। ফলে একদিকে এসব ব্যবসা প্রতিষ্ঠানের পুঁজিতে টান পড়ছে, অপরদিকে বিপুল সংখ্যক জনবল কর্মহীন হয়ে পড়ারও আশংকা বাড়ছে। ইতোমধ্যে অনেক রেস্টুরেন্টেই জনবল ছাটাই শুরু হয়েছে।
অপরদিকে গ্যাস সংকটে অনেক এলপিজি ফিলিং স্টেশনও বন্ধের পথে। ভোলাতে দেশের বৃহৎ প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকলেও গত ৩০ বছরের অধিক সময়ে তা এ অঞ্চলের মানুষের ভাগ্যে জোটেনি। বিগত সরকার ভোলার গ্যাস সিলিন্ডারে করে রাজধানীতে নিয়ে শিল্পে ব্যবহার শুরু করলেও এঅঞ্চলের আর্থ-সামাজিক খাতে তার ব্যবহার নেই। দক্ষিণাঞ্চলের কোটি মানুষ তাদের এ প্রাকৃতিক জ¦ালানী থেকে বঞ্চিত হলেও বিগত কোন সরকারই বিষয়টি নিয়ে রহস্যজনকভাবে নিশ্চুপ থেকেছে। এমনকি ইতোপূর্বে রাষ্ট্রীয় জ¦ালানী ব্যবসা প্রতিষ্ঠানগুলো বরিশাল সহ দক্ষিণাঞ্চলে সিলিন্ডারে গ্যাস সরবরাহ করলেও বিগত দু’বছর ধরে তাও বন্ধ। ফলে এলপিজি এখন পুরোপুরি বেসরকারী প্রতিষ্ঠানের ইচ্ছাধীন।
বেসরকারী প্রতিষ্ঠানগুলো নানা অজুহাতে গত কয়েকমাস ধরে বরিশাল অঞ্চলে এলপিজির সরবরাহ সিমিত করেছে। বিষয়টি নিয়ে প্রশাসনও কিছু করতে পারছে না। সাড়ে ১২ কেজি গ্যাস সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ১,৩৩০ টাকা হলেও বেসরকারী বিপণন কোম্পানীগুলো তা ডিলার পর্যায়েই বিক্রী করছে ১,৩৭০ থেকে ১,৩৮০ টাকায়। ফলে খুচরা ডিলাররা ভোক্তাদের কাছে তা ১৪শ থেকে ১,৪২০ টাকায় বিক্রী করছেন।
ডিলারদের দাবী-দেশে গ্যাস বিপণকারী ২০টি কোম্পানীর অন্তত ৫টি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। অবশিষ্টগুলো সরবরাহ এক-তৃতীয়াংশে হ্রাস করেছে।
এদিকে সরকার নির্ধারিত দরের বেশী দামে বিক্রী করায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ইতোমধ্যে ডিলারদের জরিমানা করায় ধর্মঘটও করেছেন তারা। ফলে সেখান থেকে প্রশাসন কিছুটা সরে এলেও বিপণন কোম্পানীগুলো কেন বেশী দামে গ্যাস বিক্রী করছে তা খতিয়ে দেখছে না প্রশাসন সহ ভোক্তা অধিকার অধিদপ্তর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT