4:33 pm , April 16, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পীকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
গতকাল বৃহস্পতিবার ভোলা সফররের অংশ হিসেবে বেলা ১২টায় নগরীর সার্কিট হাউজে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্পীকার আরও বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গনতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।
স্পীকার বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি মানুষের বেশী আকর্ষণ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনৈতিক আগ্রহের কারণে। কখনো আবার স্বৈরশাসন যখন মানুষের ওপর চেপে বসে সে সময় ছাত্র যুবকরাই জনগনের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রীক ব্যবস্থাকে আবার পুন:প্রবর্তন করে।
তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয় সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক আমি লক্ষ্য করেছি । এর মাধ্যমে সাধারন মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।
স্পীকার বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র জনতা, সাধারন মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে এটাই কামনা করি। পাশাপশি গণতন্ত্রের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।
বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
এর পূর্বে স্পীকার বরিশালের তার শৈশবের সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিচারন করেন।
এর আগে বরিশাল সার্কিট হাউজে স্পীকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেখান থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
