4:22 pm , March 31, 2026
গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহ পরান সড়কে বিভিন্ন ব্রান্ডের ভেজাল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে শাহ পরান সড়কের ‘এ ওয়ান’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিপুল পরিমান বিদেশী বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরণের নকল সিল পাওয়া গেছে ব্যবসা প্রতিষ্ঠানে। এসব সীল দিয়ে নিজেরা ইচ্ছামতো দাম ও সময় সীমা লিখে রাখতো। প্রতিষ্ঠানের মালিক রাকিব উল্লাহ ঢাকা থেকে নকল পণ্য এনে এখানে বিক্রি করতো। শিশুরা ব্যবহার করে এমন অনেক পণ্য নকল করে এখানে বিক্রি করা হচ্ছিলো। যা অনেক বড় অপরাধ।
তাই অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করেছি। একই সাথে প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযুক্ত রাকিব উল্লাহ বলেন-আমি ছোট খাটো ব্যবসায়ী। আমাকে জরিমানা করে লাভ কি। যারা এগুলো তৈরী করে তাদের আইনের আওতায় আনার দাবী জানান এ ব্যবসায়ী।
