রাজাপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর রাজাপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর - ajkerparibartan.com
রাজাপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর

4:16 pm , March 8, 2026

ঝালকাঠী প্রতিবেদক ॥
রাজাপুরে চাঁদা না দেওয়ায় আল আমীন (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে মারধর এবং হাত কেটে নেয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মওদুদ সিকদার ওরফে মনু সিকদারের বিরুদ্ধে।
এ ঘটনায় রবিবার রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আল আমীন। তিনি উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৈকাঠী এলাকার মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি নৈকাঠি বাজারে কাঁচামালের ব্যবসা করেন।
সংবাদ সম্মেলনে আল আমীন অভিযোগ করে বলেন, আনুমানিক পাঁচ মাস আগে মওদুদ সিকদার আমাকে নৈকাঠি বাজারের হিন্দুপাড়ার রাস্তায় ডেকে নিয়ে বলে “আমাকে বিশ হাজার টাকা দিবি” আমার টাকা লাগবে। বাজারে ব্যবসা করতে হলে আমাকে টাকা দিতে হবে। আমি নিরুপায় হয়ে তাকে দশ হাজার টাকা দেই। টাকা পেয়ে কিছু দিন থেমে থাকলেও গত ৩ মার্চ সন্ধ্যায় আমার কাছে পুনরায় দশ হাজার টাকা দাবি করে মওদুদ সিকদার। টাকা দিতে পারবেনা বলে জানালে মওদুদ সিকদার আমাকে বিভিন্ন হুমকি দেয়। ৪ মার্চ বেলা সাড়ে ১১ টায় মওদুদ সিকদার বাজারে এসে আমাকে মারধর করে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার ও আমার ভাই শহিদুলের ওপর দলবল নিয়ে হামলা চালায়। এ সময় কোনো মতে প্রাণে বেঁচে গেলেও আবার দেশীয় অস্ত্র সস্ত্র সহ দলবল নিয়ে মওদুদ সিকদার আমাদের বাড়ীতে গিয়ে আমাদের না পেয়ে হাত কেটে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। ইতিপূর্বে মওদুদ সিকদার ও তার বাহিনী অনেক মানুষের নিকট থেকে চাঁদা আদায় করলেও তাদের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছে না। এ বিষয়ে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আল আমীন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT