4:16 pm , March 8, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আহসান হাবিব প্রধান অতিথি ছিলেন।
নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, নারী একটি লিঙ্গ পরিচয় হলেও আমাদের সমাজে কিছু মানুষ এ শব্দটিকে বৈষম্যমূলক অর্থে ব্যবহার করে। তাদের কাছে নারী মানে হচ্ছে অবলা প্রাণী। সমাজ তথা দেশকে এগিয়ে নিতে নারীদের প্রতি এমন মনোভাব পরিহার করতে হবে। নারীকে কেবল নারী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে।
নারীরা শিক্ষায়-দীক্ষায় এগিয়ে গেলেও কর্মক্ষেত্রে তাদের খুব বেশি অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, নারীদের শুধু শিক্ষিত করে গড়ে তুললেই হবে না, কর্মজীবনে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে কিনা সে বিষয়েও খেয়াল রাখতে হবে। নারীদের এগিয়ে নেওয়া ক্ষেত্রে সমাজে যেসকল প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে হবে। সমতা নিশ্চিত করতে পারলে নারীরা অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে বলে এসময় তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার ফারজানা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও এবায়েদুল হক চাঁন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের প্রোগ্রাম অফিসার চামেলি বেগম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের আন্দোলন সম্পাদক শিউলি শাহা।
