3:31 pm , February 16, 2026
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বরিশাল-৩ আসনের জন্য রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার বার্তা।
দলীয় একাধিক সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মন্ত্রীসভায় স্থান পেতে পারেন। তিনি সাবেক সংস্কৃতিমন্ত্রী এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তাঁর পিতা ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার যা এই পরিবারটির রাজনৈতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।
এদিকে জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সদ্য নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি মুলাদী উপজেলার সন্তান। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী মহলে একজন পরিচিত ও আস্থাভাজন মুখ হিসেবে পরিচিত।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মঙ্গলবার বেগম সেলিমা রহমান মন্ত্রী এবং অ্যাডভোকেট জয়নুল আবেদীন জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার বলেন, বেগম সেলিমা রহমান ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই দুইজনই পরীক্ষিত, অভিজ্ঞ ও জনবান্ধব নেতা। তারা যদি মন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পান, তাহলে বাবুগঞ্জ-মুলাদীসহ পুরো দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের পথ আরও সুগম হবে।
