মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যায় ১২ জনকে আসামী করে মামলা মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যায় ১২ জনকে আসামী করে মামলা - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যায় ১২ জনকে আসামী করে মামলা

3:56 pm , July 19, 2025

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী মঞ্জুর মোর্শেদ মুবিন (২৩) কে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত মুবিনের মেঝ ভাই মিনহাজুল আবেদীন মুহিত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এজাহার নামীয় ১২ জন ছাড়াও অজ্ঞাতনামা ৮-১০ জন আসামী করা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকার প্রিন্স হোটেল সম্মুখ সড়কে থানাপাড়া এলাকার খোকন মোক্তারের ছেলে রফিকুল ইসলাম রনি সহ আসামীরা ছাত্রদলকর্মী মঞ্জুর মোর্শেদ মুবিন কে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এসময় সন্ত্রাসীদের কোপে মুবিনের সাথে থাকা তামিম হোসেন নামে অপর এক যুবকও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে আহতদের রাতেই ঢাকায় রেফার করা হয়। ঢাকা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে আহত ছাত্রদলকর্মী মুবিন মারা যান। নিহত ছাত্রদলকর্মী মুবিন মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক শামীম মিয়া মৃধার ভাগ্নে ও মঠবাড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী মহারাজের ছোট ছেলে।
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT