তীব্র জলাবদ্ধতায় নাকাল বিএম কলেজ ও ববি শিক্ষার্থীরা তীব্র জলাবদ্ধতায় নাকাল বিএম কলেজ ও ববি শিক্ষার্থীরা - ajkerparibartan.com
তীব্র জলাবদ্ধতায় নাকাল বিএম কলেজ ও ববি শিক্ষার্থীরা

4:42 pm , July 14, 2025

জুবায়ের হোসেন ॥ জলাবদ্ধতায় চরম ভোগান্তি পোহাচ্ছে বরিশালের প্রধান দুই শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) শিক্ষার্থীরা। বর্ষার সামান্য বৃষ্টিপাতেই এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের বেশিরভাগ স্থান তলিয়ে যায় হাটুপানিতে। এতে বিঘœ ঘটছে শিক্ষার্থীদের চলাফেরায়, বিনষ্ট হচ্ছে ক্যাম্পাসের পরিবেশ। তীব্র জলাবদ্ধতায় অনেক শিক্ষার্থীদের মাছ ধরতেও দেখা যায় বিভিন্ন সময়। বিএম কলেজের জলাবদ্ধতা নিরসন ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে নানা কর্মসূচি দিয়ে দাবি জানিয়ে আসছে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রসাশন বরাবর ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়ে আসছে। তবে কার্যত কোন সূফল এখনও পায়নি বলে জানায় দুই প্রতিষ্ঠানের সাধারন শিক্ষার্থীরা।
এবছরের বর্ষার বিগত কয়েকদিনে দুই ক্যাম্পাসের চিত্রে দেখা গেছে, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ : বৃষ্টিতে কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটক, মাঠ, রাস্তা এবং চারপাশের এলাকাসমূহে পানি জমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে হাজারো শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বর্ষা এলেই বিএম কলেজে হাটু পানি জমে থাকে। এতে শ্রেণিকক্ষে যাওয়া দুর্বিষহ হয়ে পড়ে। বিশেষ করে ছাত্রীদের জন্য এ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ও লজ্জাজনক হয়ে দাড়ায়। স্থানীয় অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এত বড় একটি প্রতিষ্ঠানে এভাবে বছরের পর বছর জলাবদ্ধতা চলতে পারে না। জলাবদ্ধতার কারনে ক্যাম্পাসের চলাচলের রাস্তাগুলো প্রতিনিয়তই ক্ষতিগ্রস্থ হচ্ছে। কলেজ প্রশাসন চাইলে এটি সমাধান করা সম্ভব। এ বিষয়ে বিএম কলেজের এক কর্মকর্তা বলেন, জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। আমাদেরও চেষ্টা রয়েছে, তবে বড় ধরনের সংস্কারের জন্য বরাদ্দ প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের মতে, প্রতিবছর একই প্রতিশ্রুতি দিয়ে সময় পার করায় বাস্তব কোনো উন্নয়ন হচ্ছে না। তারা অবিলম্বে কলেজ প্রাঙ্গণের রাস্তা সংস্কার, সঠিক ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। বিএম কলেজ শুধু বরিশাল নয়, দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের প্রশ্ন এই প্রতিষ্ঠানে যদি বারবার এমন দুর্ভোগ চলতে থাকে, তবে উচ্চশিক্ষার মান কোথায় গিয়ে দাড়াবে। এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি): বৃষ্টিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের মাঝের খালি জায়গা, খেলার মাঠ এবং অভ্যন্তরীণ রাস্তাগুলোতে নিয়মিত পানি জমে থাকে। শিক্ষার্থীরা জানান, ড্রেনেজ অব্যবস্থাপনাই জলাবদ্ধতার মূল কারণ। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থাপনা নেই বললেই চলে। সরেজমিনে দেখা যায়, ইটের সলিং করা রাস্তাগুলোয় বহু স্থানে গর্ত হয়ে রয়েছে। সেখানে দীর্ঘদিন যাবৎ পানি জমে থাকে। সম্প্রতি কয়েক দিন টানা বৃষ্টিপাতের ফলে পুরো ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পানি জমেছে। আশেপাশের এলাকার পানি নামলেও ক্যাম্পাসে পানি দীর্ঘসময় ধরে জমে থাকে। ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাহেদুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টি হলেই ক্যাম্পাসের মূল সড়কগুলো, হলসংলগ্ন এলাকায় পানি জমে যায়। ক্যাম্পাসে কোনো কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল, আর অবকাঠামোগুলোও অপরিকল্পিত। প্রতিবছর একই সমস্যা হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদি কোনো সমাধান হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, এ বিষয়ে আমরা শীঘ্রই ব্যবস্থা নিব। আমরা গত অর্থবছরে চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারণে পারিনি। এ বছরেই আমরা চেষ্টা করব। আমরা এস্টিমেটও করে রেখেছি। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের রাস্তায় জলাবদ্ধতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আমি সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন বৃষ্টির মধ্যে কাজ করা যায় না। বৃষ্টি কমলে সেই দিনই কাজ করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT