ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা খুন ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা খুন - ajkerparibartan.com
ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা খুন

3:13 pm , January 16, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রিপন মল্লিকের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রিপন মল্লিক পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদে ছিলেন। তিনি ঐ এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। রাতেই মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকান্ড বলে এ প্রতিবেদককে জানিয়েছে পুলিশ। রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে সোমবার রাত সাড়ে ১০ টায় এই হত্যাকান্ড ঘটে বলে ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন জানিয়েছেন। পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আলীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন পুর্বে ঢাকায় যায়। শিরিন ঘটনার দিন তার ঘরে ছিলো।
প্রতিবেশী হারিছ হোসেন বলেন, রাত সাড়ে ১০ টায় শিরিন তার ঘরের ভিতর থেকে ডাক চিৎকার দিচ্ছিলো। এসময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিককে ঘরের মেঝেতে পড়েছিলো। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আমরা রিপনের লাশ তার বাড়িতে পাঠিয়ে দেই।নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, আমাকে স্থানীরা ফোনে জানায় আমার ভাইকে মেরে মাথা ফাটিয়েছে। তারপর আমি শিরিনের ঘরে এসে দেখি  মেঝেতে রক্ত লেগে আছে। আর আমার ভাইকে হাসপাতালে নিয়ে গেছে। তখন শিরিন তার ঘরেই বসা ছিলো। শিরিন আক্তারের বোনের ছেলে লিয়ন হোসেন বলেন, আমার খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছে। সেই সুবাদে রিপন মল্লিক আমার খালার বাসায় আসা-যাওয়া করতো। রিপন মল্লিকের সাথে তার ভাই সমীর মল্লিকের সাথে জমি নিয়ে বিরোধ ছিলো। তবে ঘটনার দিন কেন  রিপন মল্লিক খালার ঘরে আসছে তা আমাদের জানা নেই।ঝালকাঠি সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, লাশের সুরতহাল শেষে প্রাথমিকভাবে ধারণা এটি হত্যাকান্ড। যে মহিলার ঘরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সেই মহিলার সাথে রিপন মল্লিকের  সম্পর্ক ছিলো বলেও তথ্য পেয়েছি। আমরা শিরিন নামের ঐ মহিলাকে আটক করেছি। সে হত্যা করেছে বলে স্বীকার  করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT