উজিরপুরে আসামী গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার দুই পুলিশ উজিরপুরে আসামী গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার দুই পুলিশ - ajkerparibartan.com
উজিরপুরে আসামী গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার দুই পুলিশ

3:41 pm , October 5, 2023

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ পিরোজপুরের মহিষ চুরির মামলার আসামী কসাইকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে দুই পুলিশ সদস্য। এ ঘটনার পর পুলিশ হামলাকারী আসামীর স্ত্রীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উজিরপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামে।
আহত দুই পুলিশ সদস্য হলেন-উজিরপুর মডেল থানার এএসআই হাবিবুর রহমান ও কনষ্টেবল মো. রাসেল।
গ্রেপ্তার নারী হলেন চম্পা বেগম (৩৫)। সে উপজেলার মুন্ডপাশা গ্রামের বাদশা সরদারের স্ত্রী।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, উজিরপুর বাজারের কসাই বাদশা সরদার চোরাই, মরা ও রুগ্ন গরু ও মহিষের মাংস বিক্রি করে। তার বিরুদ্ধে পিরোজপুর থানার মহিষ চুরির একটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। বাদশাকে গ্রেপ্তারে বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামে অভিযান করে পুলিশ। এ সময় বাদশা সরদারের স্ত্রী চম্পা বেগমসহ অজ্ঞাতরা পুলিশের উপর হামলা করে। এ সুযোগে বাদশা সরদার পালিয়ে যায়।
পরিদর্শক তৌহিদ আরো জানান, হামলায় আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারী চম্পা বেগমকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় এএসআই হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটক চম্পাসহ পালিয়ে যাওয়া স্বামী এবং অজ্ঞাত ৪ জনকে আসামী করা হয়েছে।
মামলায় কর্তব্যকাজে বাধা, বেআইনী জনতায় হামলা করে গুরুতর ও সাধারন জখম করার অভিযোগ আনা হয়েছে। মামলার আসামী হিসেবে চম্পাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক তৌহিদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT