4:32 pm , February 10, 2026
আফজাল হোসেন, ভোলা প্রতিবেদক ॥
৭ টি উপজেলা নিয়ে গঠিত দ্বীপ জেলা ভোলা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি সংসদীয় আসন রয়েছে। ৭টি উপজেলা নিয়ে গঠিত দ্বীপ জেলা ভোলার মোট থানার সংখ্যা ১০টি। ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ১৬ লক্ষ ৯২ হাজার ৬৮৯ জন। ভোটারা ভোট প্রদান করবে ৫২৫ টি কেন্দ্রে। ১৫১ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ন কেন্দ্র ঘোষনা করেছে নির্বাচন কমিশন। পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ২৪৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ভোলা-১ আসনটি সদর আসন হিসেবে পরিচিত। এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬ হাজার ৫৬৭ জন। মোট কেন্দ্র রয়েছে ১১৪টি। নির্বাচন কমিশন ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষনা করেছে। মোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়।
ভোলা-২ আসনটি বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত। সংসদীয় আসন ১১৬। বোরহানউদ্দিন উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লক্ষ ২৯ হাজার ৫১১জন। আর ভোট কেন্দ্র রয়েছে ৮২টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৭টি। তবে অধিক ঝুঁকিপূর্ন কেন্দ্র রয়েছে ১৬টি। অপরদিকে দৌলতখান উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৬৬ হাজার ৩৫ জন। এ উপজেলায় কেন্দ্র রয়েছে ৫৬টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২৫টি। এ উপজেলায় ২টি কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়।
ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত। লালমোহন উপজেলায় মোট ২লক্ষ ৭৯ হাজার ৭৩৯ জন ভোটার? সেখানে কেন্দ্র রয়েছে ৮৩টি। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৪ টি। এ উপজেলায় ১০ কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়। অপরদিকে তজুমদ্দিন উপজেলায় ১ লক্ষ ৮ হাজার ৮০৪ জন ভোটার রয়েছে। ৩৬টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে রয়েছে। তবে ৭ টি কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়।
ভালা-৪ চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত। দুই উপজেলার মধ্যে চরফ্যাশন উপজেলায় মোট ভোটার ৪ লক্ষ ৩০ হাজার ৪৫২জন। কেন্দ্র রয়েছে ১৩০টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬ টি। দুর্গম এলাকায় ৯ টি কেন্দ্র রয়েছে। অন্যদিকে মনপুরা উপজেলায় মোট ভোটার রয়েছে ৬৭হাজার ৭৮০ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। মোট ২৪টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। তারমধ্যে আবার ৩ টি কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়।
এদিকে দ্বীপ জেলা ভোলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিচ্ছিন্ন চরাঞ্চলের সার্বিক পরিস্থিতির বিষয় মাথায় রেখে কোস্টগার্ড এবং নৌবাহিনীর প্রধানরা ইতিমধ্যে ভোলা পরিদর্শন করেছেন। একই সাথে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন।
শষ মুহূর্তের প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট দেয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একাধিক টিম মাঠে কাজ করছে।
