মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ মেয়ের সাফল্য মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ মেয়ের সাফল্য - ajkerparibartan.com
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ মেয়ের সাফল্য

3:41 pm , December 15, 2025

মো. জসিম জনি, লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলায় সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ৬ কন্যার কৃতিত্বপূর্ণ সাফল্যে আনন্দের বন্যা বইছে। রোববার সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে এতে লালমোহন উপজেলার ৬ মেয়ে উত্তীর্ণ হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোন ছেলেদের তথ্য পাওয়া যায়নি। লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দা জেলা আইনজীবী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক লিটুর কন্যা মাইশা হক আদৃতা (খুলনা সরকারি মেডিকেল কলেজ),  পৌরসভার ৬নং ওয়ার্ডের বর্ণালী সড়কের বাসিন্দা ঠিকাদার কামরুল ইসলাম রাসেল ও র্প্বূ চরকচ্চপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের কন্যা কামরুন নাহার সুজানা (জামালপুর সরকারি মেডিকেল কলেজ), ডাওরী এলাকার বাসিন্দা ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীরের কন্যা সায়মা কবির আনিকা (ঢাকা মেডিকেল কলেজ), পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. ছিদ্দিকুর রহমানের কন্যা সুমাইয়া আশরাফ সুষ্মিতা (ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ), ধলীনগর ইউনিয়নের চতলা গ্রামের সাইদুর রহমান আজাদ এর কন্যা ইসরাত জাহান সাবরিন (ঢাকা মেডিকেল কলেজ) ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক মাকসুদ আলমের কন্যা খাদিজা আলম মীম (রংপুর সরকারি মেডিকেল কলেজ-বিডিএস) এ ভর্তির সুযোগ পেয়েছেন।
মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় পরিবার যেমন আনন্দিত তেমনি লালমোহন উপজেলাবাসীও গর্বিত। তাদের এই সাফল্যে পরিবার-পরিজন, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সফল শিক্ষার্থীরা তাদের অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। ভবিষ্যতে মানবসেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে তারা দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, তাদের এই সাফল্য লালমোহনের শিক্ষাঙ্গনে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মনে করছেন সচেতন মহল। অনেকে মনে করছেন, প্রত্যন্ত অঞ্চল থেকেও নিয়মিত অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা পেলে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব যার উদাহরণ লালমোহনের এ ৬ মেয়ে শিক্ষার্থী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT