মুলাদীতে জমি বিক্রির নামে যুবকের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মুলাদীতে জমি বিক্রির নামে যুবকের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ajkerparibartan.com
মুলাদীতে জমি বিক্রির নামে যুবকের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

3:48 pm , October 24, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে জমি বিক্রির নামে যুবকের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের মৃত আকফত আলী ভূঁইয়ার ছেলে কালাম ভূঁইয়া ও মৃত রাজ্জাক চৌকিদারের ছেলে মিজান চৌকিদারের নেতৃত্বে একদল প্রতারক মাহবুব ব্যাপারী (৩৬) নামের এক যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নেন। এঘটনায় মাহবুবের শ^শুর জয়নাল আবেদীন বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহা পরিদর্শক ও বরিশাল পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন। মাহবুব ব্যাপারী বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত আজিত ব্যাপারীর ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানীতে চাকরি করেন। কালাম ভূঁইয়া, মিজান চৌকিদার ও তাদের লোকজন বাটামারা মৌজায় ৪৬ শতাংশ জমি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১২লাখ টাকা নেন বলে অভিযোগ করেন মাহবুব। কিন্তু প্রায় ২ বছরেও মাহবুবকে জমি দলিল দিতে পারেননি কালাম  ও তার লোকজন।
মাহবুব ব্যাপারী জানান, ২০২৩ সালের নভেম্বর মাসের দিকে কালাম, মিজান ও তাদের লোকজন বাটামারা মৌজায় ৪৬ শতাংশ জমি বিক্রির কথা জানান। ওই সময় জমির কাগজপত্র দেখতে চাইলে তারা জানান, ‘জমির মূল কাগজপত্র বরিশাল দেওয়ানী আদালতে রয়েছে। আপাতত টাকা দিয়ে জমিতে বাড়িঘর করলেও কোনো অসুবিধা নেই।’ কালাম এর কথায় বিশ^াস করে মাহবুব ওই জমি বাবদ তাদের ১২ লাখ টাকা দেন এবং জমিতে একটি পাকা ভবন নির্মাণ করে বসবাস শুরু করেন। কিছুদিন আগে বাটামারা ইউনিয়নের রামচর গ্রামের মৃত আমির হোসেন সিকদারের স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে নজরুল ইসলাম সিকদার, সজীব সিকদার ও মেয়ে ফাতেমা বেগম ওই জমির মালিকানা দাবি করে কাগজপত্র দেখান এবং মাহবুবকে জমি ছেড়ে দিতে বলেন। মাহবুব নিরুপায় হয়ে কালাম ও তার লোকজনের কাছে ১২ লাখ টাকা ফেরত চান। কিন্তু তারা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে মাহবুবের শ^শুর জয়নাল আবেদীন হাওলাদার বাদী হয়ে বরিশাল আদালতে মামলা করেন। মামলায় কোনো সমাধান না পেয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ মহা পরিদর্শক (আইজি), উপ মহা পরিদর্শক (ডিআইজি) ও বরিশাল পুলিশ সুপারের কাছে আবেদন করেন।
জয়নাল আবেদীন হাওলাদার বলেন, ‘জামাতা মাহবুব আমার কথায় ঢাকার একটি জমি বিক্রি করে কালাম, মিজান চৌকিদার ও তার লোকজনদের ১২ লাখ টাকা দিয়েছেন। জমি দলিল দিতে না পারায় তাদের কাছে টাকা ফেরত চাওয়া হয়েছে। কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে উল্টো মিথ্যা মামলা, হামলা ও হত্যার হুমকি দিচ্ছেন। তাই জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজি, ডিআইজি ও পুলিশ সুপারের কাছে আবেদন করেছি।’
এছাড়া প্রায় ১০ মাস আগে কালাম ও তার লোকজন জয়নাল আবেদীন হাওলাদারের বাড়িতে হামলা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় জয়নাল হাওলাদার বাদী হয়ে বরিশাল আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত মুলাদী থানা পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন জয়নাল হাওলাদার। তবে হাসপাতাল থেকে চিকিৎসক সনদ পেতে দেরি হওয়ায় আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ।
এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, মাহবুব ব্যাপারীর সঙ্গে প্রতারণার বিষয়টি জানা নেই। এব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT