3:53 pm , September 25, 2022
বিশেষ প্রতিবেদক ॥ হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ প্রয়াত নাট্যতাত্ত্বিক ও নাট্যজন সেলিম আল দীন স্যারের স্মৃতি জাগানিয়া স্লোগানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নগরীতে শুরু হয়েছে বিভাগীয় নাট্যোৎসব। এ আয়োজনের প্রথম দিনের অভিজ্ঞতায় সূচনা বিলম্ব দর্শকদের খুব সম্ভব মঞ্চবিমুখ করে তুলেছে। এমনিতেই কবিতা, সাহিত্য ও মঞ্চনাটকের দর্শক খুবই সীমিত। তার উপর রয়েছে অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক বিভাজন। যা সাহিত্য সংস্কৃতি চর্চার প্রধান অন্তরায় হবে দাঁড়িয়েছে। ফলশ্রুতিতে গ্রাম থিয়েটার উৎসবের দ্বিতীয় দিনের দর্শক উপস্থিতি নেই বললেই চলে। নির্দিষ্ট সময়ের অনেক পরেই আসতে বলা হয় প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনকে। অবশ্য এ অবস্থা মেনে নিয়ে উপাচার্য বলেন – করোনাকালীন সংকট কাটিয়ে সাংস্কৃতিক সংগঠনগুলো আবারও জেগে উঠছে। এই সংগঠনগুলোকে এখন নিয়মিত হতে হবে। সবচেয়ে জরুরী তাদের ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক আয়োজন করতে হবে। এতে করে দর্শকদের কাছে টানা সহজ হবে। সাদিকুল আরেফিন আরো বলেন, স্যাটেলাইট ও ইন্টারনেট মিডিয়ার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে সাংস্কৃতিক নেতৃবৃন্দকে। তাই একতার বিকল্প নেই। এ সময় বীর মুক্তিযোদ্ধা কেএসএম মহিউদ্দিন মানিক বীরপ্রতীক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন নাট্যজন কাজল ঘোষ, দূর্নীতি দমন কমিশনের উপপরিচালক দেবব্রত ম-ল এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বাসুদেব ঘোষ। আলোচনা শেষে শুভংকর চক্রবর্তী রচিত এবং আল আমিন উজ্জ্বল ও আল নাহিয়ান এর যৌথ নির্দেশনায় বরিশাল থিয়েটারের জনপ্রিয় নাটক সং মঞ্চায়ন করা হয়। এতে অভিনয় করেছেন মোঃ শামীম, মীম, সুস্মিতা দেলোয়ার সহ আরো অনেকে। এর আগে গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না। বাংলাদেশ গ্রাম থিয়েটার, বরিশাল বিভাগের সমন্বয়কারী অ্যাডভোকেট মুনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার বরিশাল বিভাগের উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক শুভংকর চক্রবর্তী। উদ্বোধনী দিনে পটুয়াখালীর দখিণা নাট্যমঞ্চের পরিবেশনায় ‘দখল’ নাটক পরিবেশন করা হয়। তিন দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে ২৬ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত।
