3:25 pm , January 29, 2026
কাঠালিয়া প্রতিবেদক ॥
কাঠালিয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় বিষখালী নদীর তীরে ফেলা জিও ব্যাগ মাত্র তিন থেকে চারমাসের মধ্যেই ভাঙনের মুখে পড়েছে। এতে নদী তীরবর্তী এলাকায় চরম উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিষখালী নদীর প্রায় ৩০০ মিটার এলাকায় কয়েক মাস আগে জিও ব্যাগ ফেলা হয়। কিন্তু বর্তমানে সেই এলাকার বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে এবং অনেক জিও ব্যাগ নদীর গর্ভে তলিয়ে গেছে।
এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বেরিবাঁধ সংলগ্ন দোকানদার দুলাল হাওলাদার বলেন, “নদীর পাড়ে উপরের দিকে সুন্দরভাবে জিও ব্যাগ বসানো হলেও পানির নিচে পর্যাপ্ত ব্যাগ দেওয়া হয়নি। এ কারণেই পাড়ে ফাটল ধরেছে।”
স্থানীয় বাসিন্দা মহাসিন খান অভিযোগ করে বলেন, “এখানে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেই এমন অবস্থা হয়েছে।”
সেন্টু খান বলেন, “সঠিকভাবে কাজ না হওয়ায় জিও ব্যাগ নদীর গর্ভে চলে গেছে।”
শহিদুল্লাহ জানান, “পানির নিচে বস্তা ফাঁকা রাখার কারণেই নদীর পাড়ে ফাটল দেখা দিয়েছে।”
জাকির হোসেন বলেন, “আমার এলাকার চেয়ারম্যানের কাছ থেকে জেনেছি, নদীর পাড় থেকে ৮-১০ ফুট জায়গা জিও ব্যাগ দিয়ে ভরাট করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি বলেই এমন ঘটনা ঘটেছে।”
