4:18 pm , January 21, 2026
হেলাল উদ্দিন ॥
এই বরিশালে সংসদ সদস্য হিসাবে আপনারা অনেককেই দেখেছেন এবার একবারের জন্য আমাকে সুযোগ দিন। আমি সবার ধারনা পাল্টে দেব। কিভাবে ইসলামের শাসনে ও আইনে একজন সংসদ সদস্য চলতে পারে ও চালাতে পারে তার জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করে যাব। ন্যায় ও ইনসাফের জয়গান হবে এই বরিশালে ইনশাল্লাহ। বুধবার প্রতীক পাওয়ার পর বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি বলেন-জামায়াতে ইসলামী আমাদের সম্মানে সদর আসন থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করেছে এজন্য তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রার্থীতা প্রত্যাহারের পর দলটির প্রার্থী হেলাল সাহেব কে আমি ফোনকরে ধন্যবাদ জ্ঞাপন করেছি। জামায়াত এই আসনে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেও তাদের সাথে আপাতত আর জোট হবার সম্ভাবনা নেই। ভবিষ্যতে কি হয় তা এখন বলা মুশকিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন- জামায়াতের নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করতে চাইলে তাদের আমি স্বাগত জানাই। বৃহস্পতিবার থেকে প্রচারনা শুরু হবে। জানিনা লেভেল প্লেয়িং ফিল্ড কতটা থাকবে। তবে আপাতত মনে হচ্ছে প্রশাসন এক দিকে ঝুঁকে পড়েছে। এখান থেকে প্রশাসনকে বের হয়ে আসতে হবে। তা না হলে দেশের মানুষ যে একটি সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছে সেটি হবার সম্ভাবনা থাকবে না। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন-সদর আসনে মূলত বিএনপিকেই প্রতিদ্বন্দ্বী ভাবছি। লড়াইটা হবে এই দলটির প্রার্থীর সাথেই। এসময় তিনি বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার এর নাম উল্লেখ করে বলেন-আপনারা তো তাকে অনেকবার দেখেছেন। তিনি এমপি হয়ে, মেয়র হয়ে বরিশালের জন্য কি করেছেন তা আপনাদের সবার জানা। এবার একবারের জন্য আমাকে দেখুন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনীতির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার তাগিদ দেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক নাসিম উল আলম,শাহিনা আজমিন, হুমায়ুন কবির, আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, সাঈদ মেমন, শাহ আলম প্রমুখ।
