3:04 pm , September 6, 2019
পরিবর্তন ডেস্ক ॥ জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে বিরোধ তুঙ্গে উঠেছে। এবার জি এম কাদেরকে প্রত্যাহার করে রওশন এরশাদকে নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। রওশন এরশাদের গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে জি এম কাদেরকে পদ ছাড়ার আহ্বান জানানো হয়। এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জি এম কাদের। কে হবেন বিরোধীদলীয় নেতা। দ্বন্দ্ব চরমে ওঠে সেখান থেকেই। জিএম কাদের এবং রওশন এরশাদ দুজনই জাতীয় সংসদের স্পিকারকে পাল্টাপাল্টির চিঠি দেয়ার পর প্রকাশ্যে শুরু হয় বিরোধ। রওশনের ডাকা সংবাদ সম্মেলনকে ঘিরে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর গুলশানে তার বাসভবনে ভিড় করতে থাকেন দলীয় নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনের শুরুতেই দলে ভাঙনের ইঙ্গিত দেন রওশন এরশাদ। রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি অতীতেও কিন্তু ভাগ হয়েছিলো। এবারও কি তাই হচ্ছে নাকি? আপনারা মান-অভিমান নিয়ে থাকবেন না। মান-অভিমান ভুলে দেশ ও জনগণের জন্য জাতীয় পার্টির পতাকা তলে আসুন। এরপর পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। কো-চেয়ারম্যানের পদ গ্রহণ করতে অনুরোধ করেন জিএম কাদেরকে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বেগম রওশন এরশাদ আজ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করুক। জিএম কাদেরকে আমরা উনার বরাত দিয়ে বলেছি পার্টির কো-চেয়ারম্যান হিসেবে তাকে সম্মান দেওয়া হবে। জবাবে পাল্টা সংবাদ সম্মেলন ডাকেন জিএম কাদের। বলেন, রওশনকে চেয়ারম্যান ঘোষণা দলীয় শৃঙ্খলাবিরোধী। এসময় রওশনপন্থী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। জিএম কাদের বলেন, আট তারিখে যেহেতু সংসদ শুরু হতে যাচ্ছে তার আগেই এ বিষয়ে আমাদের একটা সিদ্ধান্তের প্রয়োজন ছিলো। উনার মৃত্যুর পর যে প্রেসিডিয়াম মিটিং করেছিলাম, সেই প্রেসিডিয়াম মিটিংয়েও সর্বসম্মত সিধান্ত ছিলো যেনো আমি বিরোধী দলীয় নেতার দায়িত্ব নিই। গঠনতন্ত্র মোতাবেক যেভাবে দেওয়া উচিত সেভাবে আছে কিনা? দুই সংবাদ সম্মেলনের কোনোটিতেই উপস্থিত ছিলেন মশিউর রহমান রাঙ্গা। যদিও দু’পক্ষই মহাসচিব হিসেবে তার নামই ঘোষণা করেন।
