3:00 pm , December 18, 2021
চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণা ও জনপ্রিয়তায় সবার শীর্ষে রয়েছেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন রাড়ী। নেতাকর্মী ও ইউনিয়নের সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করে দিন রাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। করছেন উঠোন বৈঠক ও গণসংযোগ। উঠোন বৈঠকগুলো পরিণত হচ্ছে জনসভায়। গত কয়েক দিনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকা প্রার্থীকে বিজয় করতে কাজ করে যাচ্ছেন। প্রতিটি উঠোন বৈঠকে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন। নারী পুরুষ সমান তালে প্রচার প্রচারণা চালাচ্ছেন। নারী পুরুষের ভালোবাসায় নৌকা প্রার্থীর উঠোন বৈঠকে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বীর মুক্তিযোদ্ধার আলহাজ¦ দেলোয়ার হোসেন রাড়ী ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছেন। পরবর্তীতে সরকারি চাকুরি করার সুবাদে এলাকায় উন্নয়নমূল কাজ করেছেন। এছাড়া সাধারণ মানুষের সাথে মিশে একটি অবস্থান তৈরি করেছেন তিনি চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা আনন্দিন ও উজ্জীবিত হয়েছে। তাই নৌকাকে বিজয় করতে নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। প্রতিটি ভোটারের কাছে লিফলেট ও সরকারের উন্নয়নমূলক প্রচারণা তুলে ধরে নৌকায় ভোট চাইছেন। শনিবার দিনভর আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউনিয়নের সাধারণ মানুষ ভারানীকান্দি, টেপের হাট, নোমরহাট, বটতলা, আরজি কালিকাপুর, বায়লাখালী এলাকায় গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। পরে বিকাল সাড়ে ৪টায় চাঁদপাশা ইউনিয়নের পোস্টঅফিস বাজারের উঠোন বৈঠক করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি মাস্টার আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মৃধা মুহাম্মাদ আক্তারুজ্জামান মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ওহাব,ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মো. ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মো. ফারুকুর রহমান মীর, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় বক্তরা বলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ দেলোয়ার হোসেন রাড়ী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। সবাই তাঁর পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন। ইউনিয়নবাসীর ভালোবাসায় ফলে উঠোন বৈঠকগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে। সাধারণ মানুষের সমর্থন এবং নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আগামী ২৬ ডিসেম্বর নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত। মাগরিবের নামাজের পরে বায়লাখালী একটি বাড়িতে উঠোন বৈঠক করেন নেতাকর্মীরা।
