3:40 pm , June 1, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ করোনার এক বছর পার করেছে বরিশাল। এই এক বছরে বরিশাল জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৩৫ জন। তার মধ্য থেকে সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৮৫৪ জন। আক্রান্তের তুলনায় সুস্থ্যতার হার ৮৩ ভাগ। এদিকে জেলায় এখন পর্যন্ত মোট মৃত্যু ঘটেছে ১২১ জনের।
গত বছর ৯ এপ্রিল বরিশালের পটুয়াখালী জেলার বাউফলে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। ৫ দিন আগে আক্রান্ত হলেও ৯ এপ্রিল বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যু ঘটে তার। আর এই এক বছরে সনাক্তের হারে হ্রাস বৃদ্ধির খেলা চলেছে বহুবার। কখনো ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা ১’শ ছাড়িয়েছে আবার সর্ব নি¤œ শূন্যের ঘরেও ছিলো। তারপরও দেশের অন্যান্য জেলার বিবেচনায় বরিশালে করোনা পরিস্থিতি সব সময়ই নিয়ন্ত্রনে ছিলো এখনো আছে বলে মনে করছে বরিশাল স্বাস্থ্য বিভাগ।
বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন বলেন, সিটি করপোরেশন মিলিয়ে সাড়ে ২৫ লাখের উপরে জনসংখ্যার এই জেলায় এক বছরে ৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হওয়া অস্বাভাবিক ও নিয়ন্ত্রনহীন কিছু নয় আবার খুব বেশী নিয়ন্ত্রনে রয়েছে তাও নয়। তিনি আরো বলেন এই এক বছরে জেলায় শেবাচিম হাসপাতাল বাদে ১৬ হাজারেরও বেশী নমুনা পরীক্ষা হয়েছে। যে হিসাবে আক্রান্তের হার ১৬ ভাগের একটু বেশী। তিনি বলেন আক্রান্তের যদি ১০ ভাগের নিচে থাকে তাহলে আমরা সেটাকে নিয়ন্ত্রনে রয়েছে বলে ধরে নেই।
