3:31 pm , March 18, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাদের পাশে সবসময় থাকব তা বাস্তবায়ন করব। বাবুগঞ্জের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং এ অঞ্চলকে মাদকমুক্ত করা হবে।
বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতোমধ্যেই সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে, যা পানি নিষ্কাশন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত সময়ের মধ্যে বাবুগঞ্জ-মুলাদী এলাকার সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দলের কোনো নেতা-কর্মী যদি মাদকের সঙ্গে জড়িত থাকে বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে, তাহলে তাদের পক্ষে কোনো ধরনের সুপারিশ করা যাবে না। এ সময় তিনি বাবুগঞ্জকে মাদকমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন এবং মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ছেড়ে অন্য পেশায় চলে যান, অন্যথায় কাউকে ছাড় দেওয়া হবে না।
চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, বাবুগঞ্জে কোনো চাঁদাবাজের স্থান হবে না এবং এ ধরনের অপকর্ম কঠোরভাবে দমন করা হবে।
মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল হকের আয়োজনে এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজক আজিজুল হক জানান, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
