যাত্রীবান্ধব সময়সূচী নিয়ে ফ্লাইট বৃদ্ধি করছে বিমান যাত্রীবান্ধব সময়সূচী নিয়ে ফ্লাইট বৃদ্ধি করছে বিমান - ajkerparibartan.com
যাত্রীবান্ধব সময়সূচী নিয়ে ফ্লাইট বৃদ্ধি করছে বিমান

4:39 pm , February 19, 2026

বিশেষ প্রতিবেদক ॥
জাতীয় পতাকাবাহী বিমান আসন্ন গ্রীষ্মকালীন সময়সূচীতে বরিশাল সেক্টরে ফ্লাইট সংখ্যা ১টি বাড়িয়ে সপ্তাহে তিনদিন পরিচালনের পাশাপাশি যাত্রীবান্ধব সময়সূচী প্রবর্তন করতে যাচ্ছে। নতুন সময়সূচী অনুযায়ী ২৬ মার্চ থেকে বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল সাড়ে ৪টায় ও বরিশাল থেকে ৫টা ৩৫ মিনিটে এবং শুক্র ও রোববার ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ও বরিশাল থেকে সকাল ৭টা ৩৫ মিনিটে বিমান এর ৭৪ আসনের ‘ড্যাস-কিউ ৪০০’ মডেলের উড়োজাহাজ চলাচল করবে বলে জানা গেছে।
চলতি শীতকালীন সময়সূচী নিয়ে বরিশাল সেক্টরের যাত্রীরা চরম ক্ষুব্ধ ছিলেন। এমনকি ইতোপূর্বে চলাচলকারী ৩টি ফ্লাইট সংখ্যা দুটিতে হ্রাস করা নিয়েও যাত্রী সাধারন সহ সর্বমহলে ক্ষোভ রয়েছে। চলমান শীতকালীন সময়সূচী অনুযায়ী বিমান এর ফ্লাইট ঢাকা থেকে সকাল সাড়ে ১০টা এবং বরিশাল থেকে বেলা পৌনে ১২টায় গন্তব্যে যাত্রা করছে। যা যাত্রীদের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। এমনকি বরিশালের যাত্রীদের তরফ থেকে বৃহস্পতিবার বিকেলে এবং শুক্রবার ও রোববার  সকালের পাশাপাশি শণিবার বিকেলেও একটি ফ্লাইট পারিচালন-এর দাবী রয়েছে। নিয়মিত ফ্লাইট চালুর দাবী জানিয়ে ‘বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষন কমিটি’ বিমান এর সেলস অফিসের সামনে মানববন্ধন সহ বিমান চলাচল মন্ত্রী ও বিমান এর এমডি বরাবরে স্মারকলিপিও পেশ করেছে।
তবে ২৩ মার্চ থেকে কার্যকর শীতকালীন সময়সূচীতে যাত্রী চাহিদা অনুযায়ী দক্ষিণাঞ্চলের একমাত্র এ বিমান বন্দরে ১টি ফ্লাইট বৃদ্ধির কথা বলা হলেও নিয়মিত ফ্লাইটের বিষয়টি এখনো সম্পূর্ণ অনিশ্চিত বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র মতে, অভ্যন্তরীণ সেক্টরের জন্য বিমান-এর ৫টি কানাডিয়ান ‘ড্যাস-৮ কিউ-৪০০’ উড়োজাহাজের এখন অবশিষ্ট আছে মাত্র ৩টি। ফলে ৩টি উড়োজাহাজের মাধ্যমে দেশের ৭টি বিমানবন্দর ছাড়াও আঞ্চলিক কয়েকটি রুটে ফ্লাইট পরিচালন কষ্টকর হয়ে পড়েছে। এসব বিবেচনায় বরিশাল সেক্টরেও চাহিদা অনুযায়ী ফ্লাইট পরিচালন সম্ভব হচ্ছেনা বলে বিমান এর একাধিক সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারী কাটিয়ে ২০২১ সালের ২৬ মার্চ সকালে সম্পূর্ণ যাত্রীবান্ধব সময়সূচী নিয়ে বরিশালের আকাশে ডানা মেলেছিল বিমান। যাত্রী চাহিদা অনুযায়ী সেসময় বৃহস্পতিবার বিকেলে এবং সপ্তাহের অন্য ৬দিন সকালে নিয়মিত ফ্লাইট পরিচালন শুরু করলে বিমান-এ  ভ্রমনে যাত্রীদের আগ্রহ ফিরে আসে। কিন্তু পদ্মাসেতু চালুর অজুহাত তুলে বাস্তবতাকে বিবেচনায় না নিয়ে আকষ্মিকভাবেই বিমান কর্তৃপক্ষ ২০২২ সালের আগষ্টের প্রথমভাগে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করে।
বিষয়টি নিয়ে সাধারন মানুষের ক্ষোভ ও হাতাশার কথা বিমান কর্তৃপক্ষ জানলেও তা কখনো আমলে নেয়নি। এমনকি বিমান এর বরিশাল সেলস অফিসে পতিত সরকারের সুবিধাভোগী প্রেতাত্মা এখনো নানা ধরনের কলকাঠি নাড়ছে বলেও অভিযোগ রয়েছে। নানা বিরূপ পরিস্থিতি তৈরী করে বরিশাল থেকে বিমানকে গুটিয়ে নেয়ার ষড়যন্ত্রেরও অভিযোগ উঠেছে। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বরিশাল বিক্রয় অফিসে প্রতিমাসে অভ্যন্তরীন ও অন্তর্জাতিক রুটের ৯০-৯৫ লাখ টাকার টিকেট বিক্রী হলেও পরে তা ১০-১৫ লাখ টাকায় নেমে আসে। কিন্তু বিমানের সদর দপ্তর বিষয়টি আমলে নিয়ে কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেনি বলেও অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে  বরিশালের সুধী ও সচেতন সমাজ হতাশার সাথে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বরিশাল সেক্টরে বিমান এর নিয়মিত ফ্লাইটের পাশাপাশি রাজস্ব আয় হ্রাসের সঠিক কারণ উদঘাটন সহ দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT