3:33 pm , February 15, 2026
মো: জিয়াউদ্দিন বাবু ॥
নির্বাচনী ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছে বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরে। রোববার সকাল থেকেই অফিস-আদালত, ব্যাংক-বীমা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের উপস্থিতি চোখে পড়েছে। সড়ক, নৌপথে ছিল বাড়তি চাপ; ব্যস্ততা দেখা গেছে বাস টার্মিনাল, লঞ্চঘাটে।
নির্বাচনকে ঘিরে ৪ দিন টানা ছুটিতে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে গ্রামে বা ভ্রমণকেন্দ্রে গিয়েছিলেন। ছুটি শেষে তারা কর্মস্থলে ফিরতে শুরু করায় শহরগুলোতে জনসমাগম দ্রুত বেড়েছে। সকাল থেকেই বিভিন্ন অফিসে কর্মীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। সরকারি দপ্তরগুলোতে সেবাপ্রত্যাশীদেরও ভিড় লক্ষ্য করা গেছে।
সড়ক ও গণপরিবহনে চাপ বরিশালের সড়কগুলোতে ভোর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। আন্তঃজেলা বাসগুলোতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত যাত্রী সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তৎপর থাকতে দেখা গেছে।
সড়ক পরিবহন খাত সংশ্লিষ্টরা জানান, ছুটি শেষে একদিনে বিপুলসংখ্যক মানুষ কর্মস্থলে ফিরতে চাওয়ায় চাপ কিছুটা বেড়েছে, তবে বড় ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।বরিশালের অফিস-আদালতে কর্মব্যস্ততা অন্যান্য সরকারি দপ্তরে সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ফাইল নিষ্পত্তি, সেবামূলক কার্যক্রম ও প্রশাসনিক কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকদের উপস্থিতিও বেড়েছে। ব্যবসায়ীরা জানান, ছুটির কারণে স্থগিত থাকা লেনদেন ও কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বাজারে লেনদেনের গতি বাড়বে।
বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠানও আজ রোববার থেকে থেকে পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রস্তুতি
নির্বাচন উপলক্ষে বন্ধ থাকা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও ধীরে ধীরে খুলছে। প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে বলে জানানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের আশা অর্থনীতিবিদদের মতে, ছুটি শেষে স্বাভাবিক কর্মপ্রবাহে ফেরার ফলে উৎপাদন, বাণিজ্য ও সেবা খাতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নতুন উদ্যমে কাজে ফিরছেন। বাজার বিশ্লেষকদের ধারণা, স্থবিরতা কাটিয়ে সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-ে গতি আসবে।
নাগরিক প্রত্যাশা কর্মস্থলে ফেরা অনেকেই বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তারা স্বস্তি নিয়ে কাজে ফিরেছেন। এখন সবার প্রত্যাশা—স্থিতিশীল পরিবেশ বজায় রেখে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। সব মিলিয়ে নির্বাচনীয় ছুটি শেষে বরিশালে কর্মচাঞ্চল্যের যে চিত্র দেখা যাচ্ছে, তাতে স্বাভাবিক জীবনে ফেরার আশাবাদই প্রতিফলিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কয়েক দিনের মধ্যেই কর্মব্যস্ততা পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।
