3:53 pm , January 30, 2026
বিশেষ প্রতিবেদক ॥
বরিশালজুড়ে মাঘের শীতের সময়ে অস্বাভাবিক বসন্তের আমেজ চলছে। তাপমাত্রার পারদ ওপরে ওঠার সাথে গত কয়েকদিন ধরে বরিশালে কোকিল ডাকছে। শুক্রবার সকালে মহানগরীর কোন কোন স্থানে ঘুঘুর ডাকে অনেকের ঘুম ভাঙে। পৌষের হাড় কাঁপানো শীত মাঘের শুরুতেই কিছুটা উধাও হয়ে মধ্য মাঘে এসে তাপমাত্রার পারদ এখন স্বাভাবিকের ৩-৪ ডিগ্রী ওপরে। শুক্রবার দুপুরে বরিশালজুড়ে অনেকটাই হালকা গরমের আমেজ লক্ষ্য করা গেছে। শীতের দাপট কমে যাওয়ায় নির্বাচনী প্রচারনায়ও যথেষ্ট গতি এসেছে। প্রার্থী সহ সমর্থক ও কর্মীরা ভোটের প্রচারনায় অংশ নিতে পারছেন অনেকটা স্বাচ্ছন্দ্যে।
এ পর্যন্ত মাঘের স্বাভাবিক শীতের দেখা নেই। শুক্রবার সকালে বরিশালে সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রী সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের ২.১ ডিগ্রী বেশী। অপরদিকে দুপুরে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৪ ডিগ্রী ওপরে, ২৯ ডিগ্রী ছুঁই ছুঁই করছিল।
অথচ এবারে পৌষের শুরু থেকে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৪ ডিগ্রী পর্যন্ত নিচে নেমে যাওয়ায় জনজীবনে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল। এমনকি গত নভেম্বরের শুরু থেকে জানুয়ারীর শেষভাগ পর্যন্ত বরিশালের সরকারি হাসপাতালেই প্রায় ১২ হাজার নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগী ভর্তি হয়েছেন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন আরো অন্তত ১৫ হাজার। মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের।
তবে মাঘের শুরু থেকে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে উঠে যাওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এলেও বেশী শীতের মত অসময়ের কম শীতে কৃষি সেক্টরে বিরূপ প্রভাব পড়ছে। গমর ফলনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার আশংকার কথাও বলেছেন মাঠ পর্যায়ের কৃষিবীদরা। চলতি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৬০ হাজার হেক্টরে ২ লক্ষাধিক টন গম উৎপাদনের লক্ষ্য রয়েছে। কিন্তু শীতের দাপট কমে আসায় গমের উৎপাদন ব্যাহত হবার শঙ্কা বাড়ছে।
অপরদিকে বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’ এবং গোল আলুর জমি ‘লেট ব্লাইট’ নামে ছত্রাকবাহী রোগ থেকে রক্ষা পাচ্ছে। চলতি রবি মৌসুমে বরিশাল অঞ্চলে প্রায় ১৮ লাখ টন বোরো চাল ঘরে তোলার লক্ষ্যে ৩.৮৫ লাখ হেক্টরে আবাদ সম্পন্ন করতে ২০ হাজার হেক্টরে বোরো বীজতলা তৈরীর কাজ শেষ হয়েছে ভরা শীতেই। ইতোমধ্যে প্রায় ৩৫ ভাগ জমিতে বোরা রোপনও সম্পন্ন হয়েছে।
অপরদিকে এবার বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ১৫ হাজার হেক্টরে গোল আলু ও ৭৮ হাজার হেক্টরে শীতকালীন সবজির আবাদ শেষ পর্যায়ে। তবে পৌষজুড়ে ঘন কুয়াশা ও তীব্র শীতে বরিশাল অঞ্চলের বিপুল সংখ্যক জমির শীতকালীন সবজির গুনগত মান বিনষ্ট হয়েছে।
আবহাওয়া বিভাগের মতে, মৌসুমের একটি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ বরিশাল উপকূলের অদূরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্র ও শনিবার রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়ে দিনে তা অপরিবর্তিত থাকার কথা বলা হলেও রোববার দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাসের কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে সোমবার পরিস্থিতি অপরিবর্তিত থাকার কথা বলে মঙ্গলবার পুনরায় তাপমাত্রা হ্রাসের কথা বলছে আবহাওয়া দপ্তর। কিন্তু বুধবার পুনরায় তাপমাত্রার পারদ ওপরে উঠতে পারে।
এমনকি বুধবারের পরবর্তি ৫ দিনও আবহাওয়ার ‘উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই’ বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
