4:18 pm , January 26, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের মেঘনা, কালাবদর ও তেতুলিয়া নদীবেষ্টিত দুই উপজেলা হিজলা ও মেহেন্দীগঞ্জ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে দুর্গম জনপদ হিসেবে পরিচিত এ দুই উপজেলা ও প্রশাসনিক থানা কাজিরহাট নিয়েই গঠিত বরিশাল-৪ আসন।
এই আসনের মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ৯৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৯৪২ ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৩০ জন। এদের মধ্যে অধিকাংশ ভোটার প্রান্তিক শ্রেণীর যারা পেশায় শ্রমিক। তাদের মধ্যে জেলে শ্রমিক উল্লেখযোগ্য। তাছাড়াও কৃষক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, মোটরসাইকেল ও অটোড্রাইভার, রিকশা ও ভ্যানচালক, দর্জি শ্রমিক, ফার্নিচার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার শ্রমিক রয়েছে।
সরেজমিনে ঘুরে বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক শ্রমজীবি ভোটারদের সাথে আলাপ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই দুর্গম এলাকায় দেখা গেছে ভিন্নরকম উৎসাহ উদ্দীপনা। নিজেদেরকে সবচেয়ে অহেলিত জনপদের মানুষ দাবি করে তারা আগামী নির্বাচনকে উন্নয়নের সোপান হিসেবে দেখতে চায়।
মেহেন্দিগঞ্জ পৌরসভার মোটরসাইকেল চালক ইয়ামিন বলেন, জীবনের প্রথম ভোট দিব এবার । এর আগে আমি কোনদিন ভোট দেইনাই, তাই এবার ইসলামের পক্ষে একটি ভোট দিয়ে ইতিহাসের সাক্ষী হতে চাই।
উলানিয়ার হাসানপুরের পেশাদার জেলে মো: রিয়াজ বলেন, বিগত দিনে আমরা অনেক সরকার দেখেছি। চাঁদাবাজি, লুটপাট ও দুর্নীতি থেকে রেহাই মেলেনি। জুলাই বিপ্লবের পর থেকে জামায়াতকে কোন অপকর্মে লিপ্ত হতে দেখিনি। তাই মনে করি তারা ক্ষমতায় গেলে এভাবেই সততার সাথে দেশ চালাবে।
চরগোপালপুরের দিনমজুর আব্দুল করিম বলেন, অনেক দল দেখছি তারা গরিবের হক মেরে খায়। তাই এবার ভোট দেবে বুঝেশুনে।
উত্তর উলানিয়া ইউনিয়নের সফুরান বিবি বলেন, বহুত দলেরে আগে দিয়া দেখছি। এবার জামায়াত চাই।
ভার্সিটি পড়ুয়া মুক্তা খানম বলেন, বিভিন্ন ভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে অন্যায়-অবিচারে বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা রায় দিয়েছে এবার জাতীয় সংসদ নির্বাচনেও ন্যায়ও ইনসাফের প্রতীকে ভোট দিবো।
হিজলা উপজেলার হরিনাথপুরের ইটভাড়া শ্রমিক রফিকুল ইসলাম বলেন, বিগত দিনে অন্যান্য দলরে ভোট দিয়া দেখছি। এবার আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করেছি জামায়াতকে ভোট দিব।
উল্লেখ্য, মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটের বেশ কয়েকটি ইউনিয়নে ঘুরে প্রায় একই চিত্র দেখা গেছে। তবে কোন কোন এলাকায় দাঁড়িপাল্লা সমর্থকদের প্রভাব কম পাওয়া গেলেও নেতাকর্মীরা অনেকটা আত্মবিশ্বাসী। তাদের ধারনা, এবার একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বরিশাল-৪ আসনের ১১দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, এই দুটি উপজেলা সবচেয়ে উন্নয়নবঞ্চিত। প্রায় দশ লক্ষ মানুষের চিকিৎসার জন্য রয়েছে দুই উপজেলায় ১টি করে ৫০ শয্যার হাসপাতাল। অনেক মানুষ অসুস্থ হয়ে বিনা চিকিৎসায়ও মারা যায়। ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছিলেন তারা জনগণের চেয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে বেশি ব্যস্ত ছিলেন। ফলে এবার জনগণ ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি অবাধ সুষ্ঠ নির্বাচন হলে এসব অনিয়ম-জুলমের জবাব ব্যালটের মাধ্যমে জনগণ দিবেন।
