3:20 pm , January 24, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন সময়ের দাবি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপির নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও উন্নয়নশীল রাষ্ট্র গঠনে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ নিরাপদে জীবনযাপনের সুযোগ পায়।
শনিবার বিকেলে বরিশাল নগরীর ফলপট্টি, পোর্টরোড, লঞ্চঘাট সংলগ্ন এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তারা। এ সময় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং ধানের শীষে ভোট চেয়ে সমর্থন কামনা করেন কেন্দ্রীয় এ দুই নেতা ।
গণসংযোগকালে আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ আরও বলেন, বর্তমানে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে দাঁড়াতে হবে। বিএনপি জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিতে চায়। তিনি অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুর রহমান ভূঁইয়া মামুন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, স্বাধীনতা ফোরাম বরিশালের সদস্য সচিব নাজমুস সাকিব, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আসলাম গাজী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল সদর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মনির খান, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. ওবায়দুল ইসলাম উজ্জল, যুগ্ম সম্পাদক হাজিক দাইয়ান ইশতি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনসহ দলীয় নেতাকর্মীরা।
