3:14 pm , January 23, 2026
পরিবর্তন ডেস্ক ॥
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে বরিশালে উদযাপিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। বরিশাল সরকারী বিএম কলেজের মাঠে শিক্ষার্থীদের আয়োজনে ২৫টি আলাদা আলাদা ম-পে এ পূজে উদযাপিত হয়।শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে অঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে মহানগরী ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাড়া-মহল্লায় পূজা শুরু হয়।শুরুতে ভক্তরা দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন।সকালে বরিশাল সরকারি বিএম কলেজ প্রাঙ্গন ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা।সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে বিদ্যার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। এসময় শিক্ষার্থীদের বই, খাতা, কলম নিয়ে ক্যাম্পাসে আসতে দেখা যায়। পুরোটা বছর যেন তারা মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা করেন দেবীর কাছে।শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও আসেন পূজা ম-পে। বরিশাল সরকারি বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অর্ক দেবনাথ বলেন, ‘বিএম কলেজের প্রতিটি বিভাগ আলাদা আলাদা ম-প তৈরি করায় এখানে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।’তিনি বলেন, ‘আমরা বন্ধুরা মিলে কয়েকদিন ধরে ম-প ও প্রতিমা সাজানোর কাজ করেছি। দেবীর কাছে আজ একটাই প্রার্থনা, তিনি যেন আমাদের জ্ঞান ও শুদ্ধ বিবেক দান করেন যাতে আমরা সুশিক্ষিত হয়ে দেশের সেবা করতে পারি।’বরিশাল মহিলা কলেজের শিক্ষার্থী অর্পনা বলেন, ‘সামনে পরীক্ষা রয়েছে। দেবীর কাছে আমাদের প্রার্থনা থাকবে আগামীতে যেন ভালো ফলাফল হয়।’বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় বলেন, ‘বিদ্যা ও সুরের দেবী সরস্বতী। শুধু বিদ্যাই নয়, তার আগমন আমাদের সমৃদ্ধির পথ দেখায়।’
