4:19 pm , January 22, 2026
আফজাল হোসেন, ভোলা ॥
ভোলায় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন অসংগতি ও রোগীদের অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও নৌ বাহিনী।
গতকাল বৃহস্পতিবার শহরের যোগিরঘোলের হাসপাতাল রোড এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
অভিযানে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার, ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতা ও যন্ত্রপাতির বৈধতা সংক্রান্ত নানা অসংগতি পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়। অভিযান শেষে ভোলা সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা এস এম মশিউর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহামুদ বুলবুল, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. নেয়ামুল খান ও নৌ বাহিনীর লে. কমান্ডার মো. আবরার উপস্থিত ছিলেন।
